হোম > বিশ্ব > ভারত

মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের পাইধোনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার মুম্বাই পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই কিশোরী মেয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানায়, গত শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনার সূত্রপাত হয়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে নিকটাত্মীয়সহ পরিবারের মোট ৯ জন সদস্য একসঙ্গে রাতের খাবার খায়। খাওয়া শেষে আত্মীয়রা নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে পরিবারের ওই চার সদস্য তরমুজ খেয়েছিলেন।

পরদিন গতকাল রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে চারজনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রচণ্ড বমি ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে পারিবারিক চিকিৎসকের মাধ্যমে তাদের প্রাথমিক সেবা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত মুম্বাইয়ের জেজে হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ১৫ মিনিটে ছোট মেয়ে জয়নাব (১৩) মারা যায়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে বাবা আবদুল্লাহ ডোকাদিয়া (৪০) শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মা নাসরিন ডোকাদিয়া (৩৫) ও বড় মেয়ে আয়েশাও (১৬) মারা যায়।

ইতিমধ্যে মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। এ ঘটনায় জেজে মার্গ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের এক সদস্য জানিয়েছেন, রাতে তরমুজ খাওয়ার আগে তাঁরা বিরিয়ানি খেয়েছিলেন। ঠিক কোন খাবার থেকে বিষক্রিয়া হয়েছে, তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এদিকে, একই ধরনের আরেকটি ঘটনায় ঝাড়খন্ডের গিরিডি জেলায় রাস্তার ধারের এক হকারের কাছ থেকে গোলগাপ্পা ও চটপটি খেয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মুফাসসিল থানা এলাকার বাজতো গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্ত করছে।

সাধারণত দূষিত খাবার বা পানি গ্রহণের ফলে এ ধরনের বিষক্রিয়া হয়ে থাকে। এর প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, বমি, বমি বমি ভাব ও পেটে ব্যথা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে খাদ্যের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত