হোম > বিশ্ব > ইউরোপ

নোবেলসদৃশ ভুয়া পুরস্কার পেয়ে তদন্তের মুখে ফরাসি অধ্যাপক

আজকের পত্রিকা ডেস্ক­

কথিত সেই ‘ফিলোলজির স্বর্ণপদক’। ছবি: বিবিসি

‘নোবেল-ধাঁচের’ একটি ভুয়া পুরস্কার তৈরি করে ঢাকঢোল পিটিয়ে এটি নিজেই জয় করে তদন্তের মুখে পড়েছেন এক ফরাসি অধ্যাপক। বুধবার (৬ মে) বিবিসি জানিয়েছে, পূর্ব ফ্রান্সের বেসাঁসোঁ শহরের বাসিন্দা ফ্লোরেন্ত মন্টেক্লেয়ার ২০১৬ সালে প্যারিসের জাতীয় পরিষদ ভবনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ফিলোলজির স্বর্ণপদক’ লাভ করেন। অনুষ্ঠানে মন্ত্রী ও নোবেলজয়ীরাও উপস্থিত ছিলেন।

কিন্তু পরে জানা যায়, এই পুরস্কার এবং যে সংস্থা এটি প্রদান করেছে বলে দাবি করা হয়েছিল—দুটিই সম্পূর্ণ মনগড়া। কথিত ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব ফিলোলজি’ নামের যে সংস্থাটি ওই পুরস্কার দিয়েছিল সেটিও নাকি মন্টেক্লেয়ার নিজেই তৈরি করেছিলেন নিজের একাডেমিক মর্যাদা বাড়ানোর উদ্দেশ্যে। ফিলোলজি মূলত ভাষা ও পাঠ্যভিত্তিক ভাষাবিজ্ঞান চর্চার একটি শাখা।

বেসাঁসোঁর প্রসিকিউটর পল-এডওয়ার্ড লালোয়া এই ঘটনাকে ‘সিনেমার গল্পের মতো অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, ২০১৫ সালে মন্টেক্লেয়ার এই পরিকল্পনা শুরু করেন। সেসময় স্থানীয় এক পত্রিকায় তাঁরই প্ররোচনায় নোবেল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নামটি রয়েছে বলে খবর প্রকাশিত হয়। এরপর একই বছরের ডিসেম্বরে তাঁকে বিজয়ী হিসেবেও দেখানো হয় এবং পরের বছর প্যারিসে ভুয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঘটনা আরও জটিল হয়ে ওঠে, যখন তিনি ২০১৬ সালে ব্রাসেলসে বিশিষ্ট মার্কিন ভাষাবিদ নোয়াম চমস্কিকে একই সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পদক প্রদান করেন। এই অনুষ্ঠানের ভিডিও ও সংস্থার ওয়েবসাইট অনলাইনে পাওয়া গেলেও পরে সেগুলোর অসংগতি নিয়ে প্রশ্ন ওঠে।

এ ছাড়া তিনি নিজের জীবনবৃত্তান্তে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের লিউস শহরে অবস্থিত একটি কথিত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের দাবি করেন, যার কোনো বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি।

পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন রোমানিয়ার এক গবেষককে এই পুরস্কারের পরবর্তী প্রাপক ঘোষণা করলে সেখানকার সাংবাদিকেরা সন্দেহ প্রকাশ করে অনুসন্ধান শুরু করেন। ২০১৯ সালে সত্য সামনে এলেও ফ্রান্সে বিষয়টি গুরুত্ব পায়নি। অবশেষে গত বছর নতুন করে আলোচনায় এলে তদন্ত শুরু হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্লোরেন্ত মন্টেক্লেয়ারকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করে।

মন্টেক্লেয়ার দাবি করেছেন, এটি প্রতারণা নয় বরং একাডেমিক জগতে নতুন পুরস্কার চালুর একটি ব্যর্থ প্রচেষ্টা।

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো