হোম > বিশ্ব > ইউরোপ

২০২৭ সালে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন মাখোঁ

আজকের পত্রিকা ডেস্ক­

সাইপ্রাসের নিকোসিয়ার ফরাসি-সাইপ্রিয়ট স্কুলের শিক্ষার্থীদের কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মাখোঁ। ছবি: এএফপি

২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর রাজনীতি থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল বৃহস্পতিবার সাইপ্রাসের নিকোসিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।

রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের প্রতিবেদন থেকে জানা যায়, ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে যোগ দিতে বর্তমানে মাখোঁ দুই দিনের সাইপ্রাস সফরে রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হওয়ার আগে আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না এবং দায়িত্ব ছাড়ার পরও আমি আর রাজনীতিতে থাকব না।’

২০১৭ সালে মাত্র ৩৯ বছর বয়সে ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এসেছিলেন মাখোঁ। ২০২২ সালে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। ফ্রান্সের সংবিধান অনুযায়ী তিনি টানা তৃতীয়বার নির্বাচনে অংশ নিতে পারবেন না। যদিও ২০২৫ সালের জুলাই মাসে প্যারিসে এক সমাবেশে তিনি বলেছিলেন, ‘দুই বছর, পাঁচ বছর বা ১০ বছর পরও আপনাদের আমার প্রয়োজন হবে।’ তাঁর সেই বক্তব্যকে অনেকে ২০৩২ সালের নির্বাচনে ফেরার প্রস্তুতি হিসেবে দেখেছিলেন। তবে আজকের মন্তব্যের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।

৯ বছরের শাসনকাল নিয়ে মাখোঁ বলেন, ‘সবচেয়ে কঠিন কাজ হলো নিজের কাজের রেকর্ড রক্ষা করা। কখনো কখনো আপনার ভালো কাজগুলো ধরে রাখতে হয় এবং ভুলগুলো সংশোধন করতে হয়।’

তাঁর মেয়াদের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করা। তবে ২০২৪ সালের জুনে আগাম নির্বাচনে তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আইনটি বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত স্থগিত রয়েছে।

নির্বাচনে কট্টর ডানপন্থীদের কাছে ধরাশায়ী হওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন মাখোঁ। তাঁর এই একতরফা সিদ্ধান্ত নিজের দলের ভেতরেও ব্যাপক সমালোচিত হয়েছিল। ২০২৫ সালের নববর্ষের ভাষণে তিনি নিজেও স্বীকার করেছিলেন, তাঁর এই সিদ্ধান্ত ফরাসি জনগণের জন্য কোনো সমাধানের বদলে রাজনৈতিক অস্থিরতা ডেকে এনেছে।

ফ্রান্সের ইতিহাসে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্টই একবার বিদায় নেওয়ার পর আবার ক্ষমতায় ফিরতে পারেননি। মাখোঁও সে পথেই হাঁটছেন বলে মনে করা হচ্ছে। তবে রাজনীতি ছাড়ার পর তিনি কী করবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো