হোম > বিশ্ব > ইউরোপ

রেকর্ড গড়া স্কাইডাইভার ফেলিক্স প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

ফেলিক্স বাউমগার্টনার। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত স্কাইডাইভার ও বেস জাম্পার ফেলিক্স বাউমগার্টনার গতকাল বৃহস্পতিবার ইতালির উপকূলবর্তী শহর পোর্তো সান্ত’এলপিদিওতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি ২৪ জানিয়েছে, ৫৬ বছর বয়সী এই অস্ট্রিয়ান অভিযাত্রী তাঁর প্যারাগ্লাইডারটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলের সুইমিংপুলে গিয়ে পড়েন। এ দুর্ঘটনায় পুলের পাশে থাকা এক নারীও সামান্য আহত হয়েছেন।

ইতালির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরএআই জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে। শহরের মেয়র সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, ‘ফেলিক্স ছিলেন সাহসের প্রতীক। তাঁর মৃত্যু আমাদের গভীরভাবে আঘাত করেছে।’

ফেলিক্স বিশ্বখ্যাত হয়ে ওঠেন ২০১২ সালে। সেই বছর তিনি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৪ মাইল ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে স্কাইডাইভ করেন। ‘রেড বুল স্ট্র্যাটোস’ নামের এই প্রকল্পে তিনি একটি চাপযুক্ত ক্যাপসুল থেকে ঝাঁপ দেন এবং পৃথিবীতে ধেয়ে আসার পথে ঘণ্টায় ৮৪০ মাইল গতিবেগে পৌঁছান। এটি ছিল শব্দের গতির চেয়েও বেশি।

এই রেকর্ড গড়ার পেছনে ছিল ফেলিক্সের ছয় বছরের দীর্ঘ প্রস্তুতি। তাঁকে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে দেওয়ার জন্য নির্মিত হয়েছিল ৩৩টি ফুটবল মাঠের সমান আকারের একটি হিলিয়াম বেলুন। তাঁর জন্য এমন একটি স্যুট তৈরি করা হয়েছিল, যা ‘মাইনাস ৭২’ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারত। ফেলিক্স বলেছিলেন, এই স্যুটে থাকাটা ভীষণ অস্বস্তিকর—চোখ-মুখ ঢাকা। নিশ্বাস নিতে হয় যেন বালিশের ভেতর দিয়ে। বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।

সেই ঐতিহাসিক স্কাইডাইভের পৃষ্ঠপোষক ছিল ‘রেড বুল’। ফেলিক্সের মৃত্যুর খবরে তারা এক বিবৃতিতে বলেছে, ‘আমরা স্তব্ধ ও শোকাহত। ফেলিক্স আক্ষরিক অর্থেই আকাশের সন্তান ছিলেন। নির্ভীক, পেশাদার ও নিখুঁত পরিকল্পনাকারী এবং উদার মনের মানুষ ছিলেন তিনি। তাঁর কাজ ও মানসিকতা বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।’

ফেলিক্স মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার ও রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির মতো স্থাপনা থেকেও বেস জাম্প করে খ্যাতি অর্জন করেছিলেন।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী