হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

কান পাকায় চাই সতর্কতা

ডা. মো. আব্দুল হাফিজ শাফী 

ছবি: সংগৃহীত

কানে পানি ঢুকলে কান পাকে, এ ধারণা ভুল। আগে থেকে যদি কারও মধ্যকর্ণে বা কানের পর্দায় ফুটো থাকে, তাহলে পানি ঢুকলে কান পাকে।

যাদের আগে থেকে কান পাকার সমস্যা, তাদের কানে পানি ঢুকলে সমস্যাটি আরও খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তবে যাদের এ ধরনের সমস্যা নেই, তাদের কানে পানি প্রবেশ করলেও কান পাকার আশঙ্কা নেই। তবে কান বন্ধ ভাব থাকতে পারে।

কান পাকা যেহেতু মধ্যকর্ণের সংক্রমণ, তাই এতে কানের পর্দা বেশি ক্ষতিগ্রস্ত হয়। মধ্যকর্ণের সংক্রমণ, লাল ও ফোলার জন্য এ সমস্যা হয়। কানের পর্দার ভেতরের দিকে মধ্যকর্ণ থাকে। ক্ষণস্থায়ী কান পাকা সাধারণত ঠান্ডা লাগা থেকে কানে ব্যথা নিয়ে শুরু হয়। এটি তিন মাসের বেশি চলতে থাকলে দীর্ঘমেয়াদি কান পাকার সমস্যা হয়।

কান পাকার কারণ

» শিশুদের ইউস্ট্যাসিয়ান টিউব সহজে বন্ধ হয়ে যায়, তাই কান পাকে বেশি।

» অ্যালার্জি।

» ঠান্ডা ও সাইনাসের সংক্রমণ।

» বারবার মধ্যকর্ণে সংক্রমণ।

» অ্যাডিনয়েড বেড়ে যাওয়া ইত্যাদি।

লক্ষণ

কান দিয়ে পুঁজ ও পানি আসা, কানে ব্যথা, শোঁ শোঁ শব্দ, কানে চুলকানি ও কম শোনা।

রোগনির্ণয়

রোগীর কানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা যেমন কানের এক্স-রে, অডিওমেট্রি করে এ রোগ নির্ণয় করা যায়। অটোস্কোপ নামক যন্ত্র দিয়ে কান পরীক্ষা করালে কানের পর্দায় ছিদ্রের উপস্থিতি নির্ণয় করা যায়। অনিরাপদ কান পাকা রোগে কানের পর্দায় ছিদ্র ছাড়াও সাদা বলের মতো কোলেস্টেটোমা দেখা যায়। অডিওমেট্রি পরীক্ষা করার মধ্য দিয়ে কানের বধিরতা পরিমাপ করা হয়। কিন্তু মস্তিষ্কের জটিলতা নির্ণয় করতে সিটি স্ক্যানের মতো কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নিতে হবে।

প্রতিকার

কান পাকার জটিলতা এড়াতে রোগীকে প্রাথমিক অবস্থায় নাক, কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে।

কান পাকা এড়াতে যা করতে হবে

» কানে পানি না ঢোকানো।

» ডুব দিয়ে গোসল না করা।

» কটন বাডসহ কোনো কিছু দিয়ে কান পরিষ্কার না করা।

পরামর্শ দিয়েছেন: আবাসিক সার্জন, নাক, কান ও গলা বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

সংক্রামক ব্যাধিমুক্ত থাকতে চিকিৎসকের পরামর্শ

রমজানে চোখের যত্নে যা করবেন

রমজানে থাইরয়েড রোগীদের করণীয়

কেমন হবে রমজানের খাবার

স্থূলতার কারণে হওয়া চোখের পাঁচ রোগ

নিপাহ ভাইরাসের বিপদ ও প্রতিরোধের উপায়

দাঁত সুরক্ষায় ভুল ধারণা এবং সঠিক পরিচর্যা

কোন খাবার ফ্রিজে রাখবেন না

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়