হোম > ফ্যাক্টচেক > দেশ

তারেক রহমানের আগে শহীদ মিনারে মোনাজাত করেছিলেন শেখ মুজিবুর রহমান, সেটি কবে

ফ্যাক্টচেক ডেস্ক  

ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শহীদ মিনারে তারেক রহমানের মোনাজাত দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজ (২১ ফেব্রুয়ারি) ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এমন সংবাদ মুহূর্তেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো লুফে নিয়েছে।

দৈনিক আমার দেশ , দৈনিক কালের কণ্ঠ , দৈনিক গণকণ্ঠের মতো জাতীয় দৈনিকগুলো প্রায় একই শিরোনামে সংবাদটি প্রকাশ করে।

BD Tube Master News নামের একটি ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, সব রীতি ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান।

পোস্টে বলা হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিনি শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানাননি—ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বেদিতেই দাঁড়িয়ে সম্মিলিত মোনাজাতের আয়োজন করেছেন। স্বাধীনতার পর এমন দৃশ্য এই প্রথম—রাষ্ট্রীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের পর দোয়ার মাধ্যমে শহীদদের স্মরণ। ভাষা আন্দোলনের শহীদদের জন্য শহীদ মিনারে মোনাজাতের নজির শেষবার পাওয়া যায় ১৯৫৩ সালে। বহু দশক পর আবার রাষ্ট্রীয়ভাবে সেই দোয়া ফিরে এল।

বুয়েটিয়ান নামের অপর এক ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় প্রটোকলে ফুল দেওয়া শেষে শহীদদের জন্য মোনাজাতের রেওয়াজ চালু হয়েছে। আজ শহীদ মিনারে ফুল দেওয়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিম দিকে ঘুরে মোনাজাত করেন। এরপর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শহীদ মিনারের বেদির দিকেই দোয়া করতে দেখা যায়।

এ ছাড়া আরও কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের মোনাজাতের বিষয়টিকে ১৯৫৩ সাল কিংবা স্বাধীনতার পর প্রথম মোনাজাত—এমন দাবিতে ছড়ানো হচ্ছে ।

অনুসন্ধানে জানা যায়, শহীদ মিনারে মোনাজাত এবারই প্রথম নয়; এমনকি এটি ১৯৫৩ সালের পর বা স্বাধীনতার পরও প্রথম নয়।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ-এর ওয়েবসাইটে দৈনিক বাংলা পত্রিকার ১৯৭২ সালের ২৩ ফেব্রুয়ারি সংখ্যা থেকে থেকে জানা যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের বছর, অর্থাৎ ১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে মোনাজাত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দৈনিক বাংলায় শহীদ মিনারে বঙ্গবন্ধুসহ নেতা-কর্মীদের মোনাজাতের সচিত্র প্রতিবেদন পাওয়া যায়।

১৯৭২ সালের ২৩ শে ফেব্রুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

অনুসন্ধানে আজ (২১ ফেব্রুয়ারি) Dhaka Tribune-এ Bangabandhu in Dhaka: A Leader of the Language Movement শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের শহীদদের জন্য দোয়া করা হয়। প্রতিবেদনে মোনাজাতের ছবিও পাওয়া যায়।

ছবি: স্ক্রিনশট

প্রতিবেদনে ছবির ক্যাপশনে লেখা রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহযোগী রাজনৈতিক নেতারা ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে মোনাজাত করছেন। ছবিটির সূত্র উল্লেখ করা হয়েছে এটি- mujib100.gov.bd

এসব সচিত্র প্রতিবেদন থেকে স্পষ্ট, শহীদ মিনারে বা ভাষা শহীদদের স্মরণে মোনাজাত নতুন প্রথা নয়। ১৯৫৩ সালের প্রথম শহীদ দিবসেই মোনাজাতের দৃষ্টান্ত রয়েছে। এছাড়া ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান শহীদ মিনারে মোনাজাতে অংশ নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন শাহরুখ-সালমান-আমির—দাবিটি মিথ্যা

ধ্বংসস্তূপে খামেনির মরদেহ দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি

শিবির ভালো লাগার কারণে বহিষ্কার করলেও আফসোস নেই— ছাত্রদল নেতা হামিম এ কথা বলেননি

‘ববি হাজ্জাজের পরিণতি টাকলা মুরাদের মতো হবে’— সাদিক কায়েমের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

টিকটক বন্ধ করছে সরকার—দাবিতে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়— এমন সিদ্ধান্ত নেয়নি সরকার

পুলিশের হাতে আটক মাদকসেবীকে যুবদল নেতা বলে প্রচার

বিএনপি নেতার বৃদ্ধকে মারধরের দাবিটি সঠিক নয়, ঘটনাটি নেপালের

সারজিস আলমের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

ভারতে পণ্ডিত ও ধনাঢ্য দুই ব্যক্তির ইসলাম গ্রহণ নয়, ঘটনা উল্টো