কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের পরিকল্পনা চলছে আনুশকার। এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। আনুশকার টিম থেকে জানানো হয়েছে, কারও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার আগে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত।
লিখিত বিবৃতিতে আনুশকার টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সঠিক তথ্য আর গুজবের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু অনেক সময় সেই পার্থক্য এড়িয়ে যাওয়া হয়। কারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন।’
আনুশকার টিমের মতে, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশের আগে কিছু সীমারেখা মেনে চলা উচিত। একই সঙ্গে তারা আহ্বান জানায়, পুরুষ অভিনেতাদের মতো নারী অভিনেত্রীদের প্রতিও সমান সম্মান দেখানো প্রয়োজন।
এদিকে বিয়ের গুঞ্জনের পর আনুশকার বয়স নিয়েও প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তাঁর টিম। তাদের কথায়, ‘বারবার ৪৪ বছর বয়সটিকে সামনে আনা হচ্ছে কেন? এতে কি বোঝাতে চাওয়া হচ্ছে যে এই বয়সে বিয়ে করা কোনো অস্বাভাবিক বা বিতর্কিত বিষয়? যদি বয়স এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এই আলোচনা কেন হয় না? নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড?’