হোম > বিনোদন

‘মহানগর ৩’ থেমে আছে আলোচনার টেবিলে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘মহানগর ২’ সিরিজের শুটিংয়ে মোশাররফ করিম ও আশফাক নিপুন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাকিব আর খান জানালেন, মহানগরের নতুন সিজন আটকে আছে আলোচনার টেবিলে, বাজেট জটিলতার কারণে। নির্মাতা আশফাক নিপুনও জানালেন, মহানগর ৩-এর ভাগ্য নির্ভর করছে ওটিটি প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর।

সম্প্রতি একটি পডকাস্টে এসে শাকিব আর খান কথা বলেন মহানগর সিরিজের নতুন সিজন নিয়ে। সেখানেই তিনি জানান, মহানগরের নতুন সিজন নিয়ে বাজেট জটিলতার কথা। শাকিব আর খান বলেন, ‘মহানগর ৩-এর গল্প লেখা আছে। সমস্যা হচ্ছে এই গল্পের জন্য যে বাজেট লাগবে, সেই বাজেট অপারেট করার মতো ক্যাপাসিটি হইচই বাংলাদেশের এখনো নেই। সরাসরি এই কথা বলার কারণ হচ্ছে, এই বাজেটে সিনেমা হয়। এই বাজেটে ওটিটি কনটেন্ট করা যাবে না। সিনেমা হলে পোষাবে। কারণ, সিনেমায় ভিউয়ারশিপ হিসেবে টাকা পাওয়া যায়। ওটিটিতে সেটা পাওয়া যায় না। সিনেমার আয় আর ওটিটির আয়ে বিশাল পার্থক্য। বাজেটের জন্যই মহানগর ৩ আটকে আছে আলোচনার টেবিল।’

শাকিব আর খান আরও বলেন, ‘আশফাক, আমরা এবং প্রযোজনা প্রতিষ্ঠান এখনো বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আমরা মহানগর ৩ অবশ্যই করতে চাই, সেটা যে ফরম্যাটেই হোক। কারণ, এই লেভেলের জনপ্রিয়তার পাওয়ার পর যদি এটা না করি, তাহলে দর্শকের সঙ্গে বেইমানি করা হবে।’

শাকিব আর খানের এমন মন্তব্যের পর যোগাযোগ করা হয় নির্মাতা আশফাক নিপুনের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘পরিচালকেরা বাজেটের বিষয়টি দেখেন না। এটা প্রযোজকেরা দেখেন। পরিচালক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ক্রিয়েটিভ কাজগুলো করা। সেটা আমি করেছি। এটার প্রযোজনা করছে রানআউট ফিল্মস। ওটিটির কাজগুলোতে প্রযোজকেরাই পেমেন্ট থেকে শুরু করে বাজেটসংক্রান্ত বিষয়গুলো দেখেন। তাঁরাই এ বিষয়ে ভালো বলতে পারবেন। তবে আমি প্রস্তুত আছি।’

সিরিজের পরিবর্তে সিনেমা হিসেবে মহানগর ৩ নির্মাণের ইঙ্গিত দিয়েছেন শাকিব আর খান। এ নিয়ে নিপুনের ভাবনাটা একটু ভিন্ন। তবে এখনো মহানগর নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব পাননি বলে জানান এই নির্মাতা। নিপুন বলেন, ‘ওটিটি আর সিনেমার মধ্যে পার্থক্য রয়েছে। দুই মাধ্যমের ডিসিপ্লিন পুরোপুরি আলাদা। এটি নিয়ে যদি সিনেমা করতে হয়, তাহলে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশের বেশির ভাগ মানুষ ওটিটি কন্টেন্ট দেখে মোবাইলে। তাই সেটিকে সিনেম্যাটিক বানানোর তেমন প্রয়োজন পড়ে না। বড় পর্দা নিয়ে ভাবতে হয় না। কিন্তু সিনেমা বানালে বড় পর্দার বিষয়টি মাথায় রাখতে হয়। সে ক্ষেত্রে সিনেম্যাটিক বিষয়গুলো খুব প্রয়োজন।’

এ বিষয়ে রানআউট ফিল্মসের প্রযোজক হাবিবুর রহমান তারেক বলেন, ‘বাজেট নিয়ে হইচই বাংলাদেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে। নিশ্চয়ই আমরা শিগগির একটা ভালো সংবাদ দিতে পারব। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মহানগর ৩ সিরিজের শুটিং শুরু করার।’

ব্যাচেলর পয়েন্টে ফিরে শামীম হাসান বললেন, কেন যে দূরে ছিলাম

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

তারকাদের নিয়ে ঈদ ইত্যাদির মিউজিক্যাল ড্রামা

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘চক্র ২’ নিয়ে আসছেন তৌসিফ, সঙ্গে আছেন বাঁধন

চমক দিতে প্রস্তুত ‘প্রেশার কুকার’

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

‘আদরের ভাই’ নীলয় আলমগীর