দীর্ঘ বিরতির পর আবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ২০২৫ সালের এই বৃত্তি পরীক্ষা নতুন উদ্যমে শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে গড়ে তুলবে। এই পরীক্ষার খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের আয়োজন।
শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং তাদের উচ্চশিক্ষার পথকে সুগম করতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কেবল মেধা যাচাইয়ের মাধ্যম নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তোলার এক অনন্য সুযোগ।
পরীক্ষার ধরন ও অংশগ্রহণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক পরীক্ষা। ২০২৫ সালের পঞ্চম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের ওপর ভিত্তি করে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে কোনো সংক্ষিপ্ত সিলেবাস নেই। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
মানবণ্টন ও সময়
মোট ৪০০ নম্বরের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক মানবণ্টন হলো—
প্রস্তুতির কার্যকর কৌশল
� মূল পাঠ্যবইয়ে দৃঢ় দখল: বৃত্তি পরীক্ষায় ভালো ফলের জন্য মূল পাঠ্যবইয়ের বিকল্প নেই। প্রতিটি অধ্যায় মনোযোগ দিয়ে পড়তে হবে। বিশেষ করে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের তথ্যভিত্তিক অংশ থেকে সংক্ষিপ্ত ও বহুনির্বাচনি প্রশ্ন বেশি আসে। তাই গাইড বইয়ের ওপর নির্ভর না করে মূল বই বারবার পড়া জরুরি।
� গণিতে নিয়মিত অনুশীলন: গণিত পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া তুলনামূলক সহজ। গণিতে ভালো করতে হলে প্রতিটি অধ্যায়ের উদাহরণ ও অনুশীলনী নিয়মিত সমাধান করতে হবে। জ্যামিতির ক্ষেত্রে পরিষ্কার চিত্র আঁকার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু সঠিক উত্তর নয়, সমাধানের ধাপগুলোও সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।
� ভাষা ও ব্যাকরণে দক্ষতা: বাংলা ও ইংরেজিতে ভালো নম্বর পেতে হলে ব্যাকরণে শক্ত ভিত্তি থাকা জরুরি। অনুচ্ছেদ, চিঠি ও দরখাস্ত লেখার নির্ধারিত কাঠামো আয়ত্ত করতে হবে। ইংরেজিতে শব্দভান্ডার সমৃদ্ধ করলে ‘Unseen Passage’ সহজে বোঝা ও সমাধান করা যায়।
� সময় ব্যবস্থাপনা ও মডেল টেস্ট: পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ে সব প্রশ্নের উত্তর দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। তাই বাসায় ঘড়ি ধরে মডেল টেস্ট বা বিগত বছরের প্রশ্ন সমাধানের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে সময় বণ্টন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।
� পরিচ্ছন্ন উপস্থাপন ও সুন্দর হাতের লেখা: পরীক্ষকের কাছে প্রথম ছাপ ফেলে উত্তরপত্রের উপস্থাপন। অপ্রয়োজনীয় কাটাকাটি এড়িয়ে পরিষ্কারভাবে উত্তর লেখা উচিত। সুন্দর হাতের লেখা ও পয়েন্ট আকারে উত্তর উপস্থাপন করলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
পড়া বিষয়গুলো নিয়মিত ঝালিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের দিন নতুন কিছু না পড়ে পুরোনো পড়া পুনরায় দেখে নেওয়া ভালো। আত্মবিশ্বাস বজায় রেখে শান্ত মনে পরীক্ষা দিলে সাফল্য অর্জন সহজ হয়।