হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, তাঁতী দল নেতাসহ ৪ জনকে কারাদণ্ড

সিলেট প্রতিনিধি

ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতু রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। বালু-পাথরখেকোদের হামলা থেকে বাঁচতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়কসহ চারজনকে আটক করে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার ধলাই সেতুর নিচে কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন ও মাসুক মিয়া এবং সদস্য গিয়াস উদ্দিন। তাঁদের বাড়ি উত্তর কলাবাড়ি গ্রামে। আর শ্রমিক মিসবাহ উদ্দিনের বাড়ি পাড়ুয়া গ্রামে। তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধলাই সেতুর নিচ থেকে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বালুবোঝাই কয়েকটি ট্রাক্টর আটক করার চেষ্টা করে অভিযানকারী দল। তখন একটি সংঘবদ্ধ দল অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক নাসিম, উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী মঈন উদ্দিন, তারেক, নাজিম ও আমান মিয়া আহত হন।

তখন ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) কিছুটা আঘাতপ্রাপ্ত হন। পরে ভ্রাম্যমাণ আদালতে থাকা আনসার সদস্যরা চার রাউন্ড গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় অভিযানকারী দল ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে। এর মধ্যে একজন পথচারী ও একজন সেলুনের কর্মচারী থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে মঈন উদ্দিনের হাতে ফ্র্যাকচার ধরা পড়ায় তাঁর হাতে ব্যান্ডেজ দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, ‘ধলাই সেতু রক্ষায় সন্ধ্যার সময় সেতুর পিলারের নিচ থেকে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য আমরা নদীপথে সেখানে যাই। এ সময় বেশ কয়েকটি ট্রাক্টর সেখানে বালু-পাথর লোড করছিল। আমাদের নৌকা দেখার সঙ্গে সঙ্গে কয়েকটি ট্রাক্টর পালিয়ে যায়। আমরা সেতুর নিচে নৌকা থেকে নামামাত্র আমাদের ওপর শতাধিক মানুষ হামলা চালায়। এ সময় আমাদের পাঁচজন আহত হন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড গুলি ছোড়েন আনসার সদস্যরা।’

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র বলেন, ‘আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে। তবে হামলার ঘটনায় মামলার বিষয়ে ইউএনও মহোদয় এখনো আমাদের কিছু জানাননি।’

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে এক বছরের জেল দেওয়া হয়েছে। এ ছাড়া হামলার বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ২০০ থেকে ৩০০ লোক হামলা চালান।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও