হোম > সারা দেশ > শেরপুর

শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক বিপুল ব্যবধানে নির্বাচিত

শেরপুর প্রতিনিধি

মো. মাহমুদুল হক রুবেল। ছবি: সংগৃহীত

জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বিপুল ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, তিনবারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি পোস্টাল ভোটসহ মোট ১২৮টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এ ছাড়া অপর প্রার্থী বাসদ মনোনীত মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এর আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট গ্রহণ। এই আসনে মোট ভোট পড়েছে ৫২.১৯ শতাংশ। বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট।

এদিকে এক সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ তুলে বেলা সোয়া ৩টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। এ সময় তিনি কিছু কেন্দ্র থেকে তাঁর এজেন্ট বের করে দেওয়া, হুমকিসহ জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে এসব অভিযোগ করছেন জামায়াত প্রার্থী। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন।

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী। ছবি: আজকের পত্রিকা

১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১ ভোটকক্ষ ছিল। মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করেছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন।

এই আসনের দুটি উপজেলায় ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক এবং নির্বাচনী অনুসন্ধান (ইনকোয়ারি) কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১ হাজার ১৫০ সদস্য মোতায়েন ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে জামায়াত।

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫