হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুর থেকে রংপুর: ৫০ কিমিতে ১২টি অবৈধ স্ট্যান্ড

শিপুল ইসলাম, রংপুর 

রংপুর শহরের মেডিকেল মোড় থেকে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কে গড়ে উঠেছে অনেক ইজিবাইক ও অটোরিকশা স্ট্যান্ড। গতকাল রংপুরের তারাগঞ্জ বাজার এলাকায়। ছবি: আজকের পত্রিকা

রংপুর-দিনাজপুর মহাসড়কের নীলফামারীর সৈয়দপুর থেকে রংপুর শহরের মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কে গড়ে উঠেছে অন্তত ১২টি অবৈধ ইজিবাইক ও সিএনজি স্ট্যান্ড। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছে, বাড়ছে যানজট, সেই সঙ্গে ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী ও চালক।

মহাসড়কের রংপুর মেডিকেল মোড়, সিও বাজার, হাজীরহাট, পাগলাপীর, শলেয়াশাহ, বালাবাড়ি, বামনদীঘি, ইকরচালী, তারাগঞ্জ, খিয়ারজুম্মার, চিকলি, সৈয়দপুর এই ১২ পয়েন্টে সকাল থেকে রাত পর্যন্ত কয়েক শ ইজিবাইক, সিএনজি ও রিকশাভ্যান মহাসড়কের ওপরই দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, এসব স্ট্যান্ডের কারণে মহাসড়কের মূল লেন দখল হয়ে যায়। ফলে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনকে ধীরগতিতে চলতে হয়। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে সন্ধ্যা ও রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, আলো স্বল্পতায় চালকদের জন্য ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

অন্তত ৩০ জন ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের জন্য কোনো নির্দিষ্ট স্ট্যান্ড বা টার্মিনাল না থাকায় বাধ্য হয়েই তাঁরা মহাসড়কের ওপর দাঁড়ান। গাড়ি রাখার নির্দিষ্ট স্ট্যান্ড পেলে তাঁরা সেখানে গাড়ি পার্কিং করবেন।

পাগলাপীর বাসস্ট্যান্ডে কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক মোশাররফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বসার জায়গা নেই। আমরা বাধ্য হয়ে সড়কের দুই পাশে গাড়ি রাখি। জায়গা পেলে তো সড়কে দাঁড়াতাম না। আমাদেরও তো জীবনের ভয় আছে।’

তারাগঞ্জ নতুন চৌপথীতে মহাসড়কের দুইপাশে তিন সারি করে ইজিবাইক রেখে প্রতিযোগিতা করে যাত্রী তুলতে দেখা যায়। সেখানে কথা হয় ইজিবাইকচালক নাজমুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘হামার তো কোনো স্ট্যান্ড নেই, ওই জন্য রাস্তাতে যাত্রী উঠাই, নামাই। এটাত ঝুঁকি খুব, ট্রাক-বাসচালকেরা গালি দেয়, কিন্তু পেট তো বাঁচার নাগবে।’

অন্যদিকে বাস ও ট্রাকচালকদের অভিযোগ, এই অবৈধ স্ট্যান্ডের কারণে তাঁরা স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে পারেন না। সৈয়দপুরে কথা হয় শ্যামলী পরিহনের সুপারভাইজার রাহাদ ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘মহাসড়কে তিনভাগের দুইভাগই সিএনজি অটোরিকশা-ইজিবাক রেখে দখল করে রাখা হয়েছে। কোনো রকম গাড়ি পার করতে হয়। এসবের কারণে যানজট তৈরি হচ্ছে। নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছানো যায় না।’

পাগলাপীরে কথা হয় নীলফামারীর ডোমার থেকে আসা অ্যাম্বুলেন্সের চালক রাশেদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ইজিবাইক-সিএনজিচালিত অটোরিকশার কারণে এই বাসস্ট্যান্ডে পার হতে ২০-৩০ মিনিট সময় লাগে। অথচ রোড ক্লিয়ার থাকলে দুই-তিন মিনিটে যাওয়া যায়।’

এই ৫০ কিলোমিটারের মধ্যে ৪০ কিলোমিটারের দায়িত্ব তারাগঞ্জ হাইওয়ে থানার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘মহাসড়কে অবৈধভাবে যানবাহন দাঁড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। তাঁরা নিয়মিত অভিযান চালাচ্ছেন এবং চালকদের সতর্ক করছেন। তবে স্থায়ী সমাধানের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

তবে রংপুর হাইওয়ে পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, ‘এসব অবৈধ ইজিবাইক, অটোরিকশা স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া হয়নি। আমাদের সেই সক্ষমতা নেই। ফলে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে জনগণ আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়।’

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ মা-বাবার

একমাত্র অ্যাম্বুলেন্স ৭ বছর ধরে বিকল

বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের কর্মসূচি, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, দোষীদেরও যেন সেভাবে হত্যা করা হয়: আবু সাঈদের বাবা

ব্রাকসু তফসিল কার্যক্রম চালুর দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

রংপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়া

সাত বছর ধরে বিকল অ্যাম্বুলেন্স, সেবাবঞ্চিত ইউনিয়নবাসী

তিন সন্তান প্রতিবন্ধী, নাতি-নাতনি নিয়ে মানবেতর জীবন রাবেয়ার

আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, দাবি বেরোবি শিক্ষার্থীর

গঙ্গাচড়ায় সড়কের ইট সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে