হোম > সারা দেশ > পটুয়াখালী

বসন্ত ও ভালোবাসা উদ্‌যাপনে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) 

বসন্ত ও ভালোবাসা দিবস উদ্‌যাপনে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল। ছবি: আজকের পত্রিকা

ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। দুই উপলক্ষকে উদ্‌যাপন করতে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল নেমেছে। তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ প্রিয়জনকে সঙ্গে নিয়ে উপভোগ করছেন সৈকতের নয়নাভিরাম সৌন্দর্য। বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতিতে খুশি সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। সৈকতে নিরাপত্তা নিশ্চিত করতে বিচ কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডরা কাজ করছেন।

আজ শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে অনেকেই ফুল, বেলুনসহ বিভিন্ন উপহার হাতে সাগর পাড়ে সময় কাটাচ্ছেন। অনেকে হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে মেতে উঠেছেন ছবি তোলার আনন্দে। হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে চলছে বিশেষ আয়োজন। কফিশপ ও রেস্তোরাঁগুলোও দম্পতি ও তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড়ে মুখর।

ঝালকাঠি থেকে আসা মুনির হোসেন বলেন, ‘ভালোবাসার দিনটা বিশেষভাবে কাটাতে এখানে এসেছি। সমুদ্রের ঢেউ আর প্রিয় মানুষ, সব মিলিয়ে দিনটা স্মরণীয় হয়ে থাকবে।’

খুলনা থেকে আসা নবদম্পতি রুদ্র ও সীমা জানান, বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস কাটাচ্ছেন এখানে। কুয়াকাটা আসার অনুভূতি সত্যিই অন্য রকম। সৈকতের বাতাস আর ঢেউয়ের শব্দ সময়টাকে আরও রোমান্টিক করে তুলেছে। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, পরিবারের অন্য সদস্যদের নিয়েও এখানে সময় কাটানো দারুণ ব্যাপার।

স্থানীয় পায়রা রেস্টুরেন্টের মালিক রেজাউল করিম জানান, এ বছর বসন্ত ও ভালোবাসা দিবসের মিলিত উৎসবে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো।

কুয়াকাটা ইলিশ পার্ক অ্যান্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘বসন্তের শুরুতে কুয়াকাটায় পর্যটকের ঢল আমাদের জন্য ইতিবাচক। আশা করছি, গ্রীষ্মকালেও এ ধারা অব্যাহত থাকবে, যা এখানকার পর্যটন শিল্পকে আরও চাঙা করবে।’

প্রিয়জনকে সঙ্গে নিয়ে সৈকতের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা। ছবি: আজকের পত্রিকা

কুয়াকাটা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আমরা রাতদিন কাজ করছি। কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হন এবং গভীর পানিতে নামার ঝুঁকি না নেন, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’

নিরাপত্তার বিষয়ে কথা হলে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের কর্মকর্তা নাদিম মাহমুদ বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রয়েছে। বিচ কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডরা পর্যটকদের সেবায় নিয়োজিত আছেন। কারও অভিযোগ কিংবা তথ্যের প্রয়োজন হলে সমুদ্রসৈকতের প্রতিটি পয়েন্টে তথ্য ও অভিযোগকেন্দ্র সেবা দিচ্ছে।’

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার