হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে বিএসএফের ছোড়া ককটেলে কৃষক আহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেলে রবিউল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা সোনাপাতিলা-ভারিয়াপাড়া এলাকার ৪১৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত কৃষক রবিউল ইসলাম সোনাপাতিলা-ভারিয়াপাড়া এলাকার ঝরু মোহাম্মদের ছেলে। তাঁকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে দুপুরে বিওপি ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। 

জানা গেছে, সোনাপাতিলা-ভারিয়াপাড়া এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় স্থানীয় কৃষকেরা প্রায় সেখানে মরিচ শুকান। গতকাল দুপুরে রবিউলসহ এলাকার কয়েকজন কৃষক সেখানে মরিচ শুকাতে দিলে ভারতের ধনিরহাট বিএসএফ ক্যাম্পের কিছু সদস্য কৃষকদের সেই মরিচ নিয়ে যেতে থাকলে কৃষকেরা বাধা দেন। 

এ সময় একজন বিএসএফ সদস্য রবিউলকে লক্ষ্য করে ককটেল সদৃশ বস্তু ছুড়লে তিনি চোখে-মুখে গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা কৃষক ও পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। 

হাসপাতালের চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, দুপুরে চোখে-মুখে আঘাত ও ক্ষত নিয়ে রবিউল নামের ওই ব্যক্তি হাসপাতালে আসেন। গুলিজাতীয় কোনো কিছুর আঘাত দেখা গেছে তাঁর চোখে-মুখে। আঘাত খুব গুরুতর না হলেও চোখের আঘাতের কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিজিবির মীরগড় কোম্পানির কমান্ডার মো. আমিনুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যদের ছোড়া ককটেলে রবিউল আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে দুপুরে বিএসএফের ধনিরহাট ক্যাম্পের সদস্যদের সঙ্গে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাল এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন

পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, বাংলাদেশ-ভারত কেউই গ্রহণ করছে না

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান

পুশ ইন প্রতিরোধে সীমান্তে লাঠি হাতে বিজিবির পাশে স্থানীয়রা

বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ