হোম > সারা দেশ > নোয়াখালী

জলদস্যুরা ধাক্কা মেরে ডুবিয়ে দেয় ট্রলার, ২৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১৮ জেলে

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সাগরে ভেসে থাকা জেলেদের উদ্ধার করে অন্য ট্রলারের লোকজন। ছবি: সংগৃহীত

নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে জলদস্যুদের ধাওয়ায় ডুবে যাওয়া ট্রলারের অংশবিশেষ ধরে ২৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১৮ জেলে। পরে অন্য ট্রলারের জেলেদের সহায়তায় বেঁচে ফিরেছেন তাঁরা। আজ সোমবার বিকেলে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়।

জেলেদের সবাই উপজেলার জাহাজমারা এলাকার আমতলী গ্রামের বাসিন্দা।

জেলেরা জানান, গত শুক্রবার সকালে এমভি আবুল কালাম নামের ট্রলার নিয়ে সাগরে যান তাঁরা। গতকাল রোববার বিকেলে হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে তাঁদের ট্রলারে আক্রমণ করে জলদস্যুরা। জানমাল বাঁচাতে ট্রলার নিয়ে ছুটতে থাকেন জেলেরা। একসময় জলদস্যুরা নৌকা নিয়ে পেছন থেকে দ্রুতগতিতে এসে জেলেদের ট্রলারকে ধাক্কা দেয়। মুহূর্তে ট্রলারটি উল্টে সাগরে ডুবে যায়। এরপর জলদস্যুরা চলে যায়। জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশবিশেষ ধরে ভাসতে থাকেন।

ট্রলারমালিক কালু মাঝি বলেন, জলদস্যুরা ট্রলার ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তাঁরা সেটি ধরে ২৪ ঘণ্টা ভেসে ছিলেন। আজ অন্য উপজেলার দুটি মাছ ধরার ট্রলার তাঁদের পাশ দিয়ে আসার পথে দেখে তাঁদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। তিনি আরও জানান, এই ট্রলারের মালিক তিনি নিজে। চোখের সামনে নিজের কোটি টাকার সম্পদ সাগরে ফেলে চলে আসতে হয়েছে তাঁকে।

এ বিষয়ে হাতিয়া নৌ পুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। নিঝুমদ্বীপ থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় আমাদের কিছুই করার ছিল না। এ ছাড়াও আমাদের তেমন কোনো ভারী যানবাহন নেই। এজন্য আমরা চাইলেও গভীর সমুদ্রে গিয়ে কোনো অভিযান করতে পারি না।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি