হোম > সারা দেশ > নোয়াখালী

চোর সন্দেহে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি

নিহত মানসিক প্রতিবন্ধী জহির উদ্দিন বেচু। ছবি : সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুন্দলপুর ইউনিয়নের ছবির পাইক গ্রামের মৃত বাদশা মিয়ার দুই ছেলে হাবিব উল্লা ও অজিউল্লা লিটন এবং সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আবদুর রব খান সাহেব।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামে ধুমচর ছমিরপাইক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রতিবন্ধী জহির উদ্দিন বেচুকে (৪০) পিটিয়ে হত্যা করা হয়। বেচু উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের মৃত মোস্তফার ছেলে।

মোবাইল ফোনে ধারণ করা গণপিটুনির ভিডিওতে দেখা যায়, জহির উদ্দিন বেচুকে রক্তাক্ত অবস্থায় একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। গুরুতর জখম নিয়ে তিনি কাতরাচ্ছেন আর লোকজন তা দেখলেও কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার ভোর রাতের দিকে একদল লোক চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন জহির উদ্দিন বেচুকে আটকের পর পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে বেচুর চোখে, মুখে, হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে জখম করা হয়। অমানুষিক নির্যাতনের পর একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে তাঁকে। সকাল ৯টা পর্যন্ত এভাবে গাছের সঙ্গে কাতরাতে থাকেন বেচু। পরে হাসপাতালে নেওয়ার সময় সকাল ১০টার দিকে মিয়ার হাট বাজারের কাছে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

কবিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানিয়েছেন, নিহত জহির উদ্দিন বেচু ২০২০ সাল থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছিলেন।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ঘটনার সময় মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দেখে আসামিদের শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির মা বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০-২৫ জনকে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি