হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালী জেলায় পৃথক ঘটনায় কামাল উদ্দিন (৫০) ও জুবায়ের হোসেন রাকিব (২৩) নামে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাতে জেলার বেগমগঞ্জ ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লচি সরদার বাড়ির সোলেমানের ছেলে এবং জুবায়ের হোসেন রাকিব বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির হানিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাদপুর ইউনিয়নের কামালের ছেলে তারেক ও ভাতিজা ফরহাদ পাশের মিনু আলী হাজী বাড়ির রনি ও শামুর সঙ্গে চলাফেরা করতেন। ঈদুল আজহার ছুটিতে তাঁরা লচি সরদার বাড়ির পেছনে জুয়ার আসর বসান। বিষয়টি জানাজানি হলে পাশের বাড়ির লোকজনের সঙ্গে ফরহাদের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে শনিবার রাত সোয়া ৯টার দিকে লচি সরদার বাড়িতে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে মিনু আলী হাজী বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন কামাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তাঁর পরিবারের। হামলায় কামাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত কামাল উদ্দিনের ভাই ও সাবেক ইউপি সদস্য মো. তোফায়েল বলেন, ‘হামলার সময় আমার ভাই কামাল তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে।’

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীরাম চন্দ্র ভট্টাচার্য বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে নিহত ব্যক্তির ভাতিজা ফরহাদকে মারধর করা হয়। পরে চাচা কামাল ঝগড়া থামাতে গেলে তিনি বেহুঁশ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপর দিকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে কয়েক দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বিষয়টি নিষ্পত্তির জন্য দুই পক্ষের লোকজন জড়ো হয়। এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি তাঁর ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাকমুন্সিরহাট বাজার এলাকার একটি অন্ধকার স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে হামলা চালায়। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ছোট ভাই রিমনকে পিটিয়ে আহত করা হয়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তাঁকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা করা হবে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি