হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

স্বস্তির ঈদযাত্রায় অস্বস্তির কারণ বাড়তি ভাড়া

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

এবার ঈদযাত্রায় যানজটে আটকে তেমন ভোগান্তি না থাকলেও বাড়তি ভাড়া বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে। আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পরিবার-স্বজনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে সড়কে এখন ঘরমুখী মানুষের ঢল। যানবাহনের ধীরগতি ও বৈরী আবহাওয়া কোনো কিছুই তাঁদের আটকাতে পারছে না। কিন্তু বাড়তি ভাড়া সেই উচ্ছ্বাসে বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে। অবশ্য এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লেও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা যায়নি।

আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার বাসস্ট্যান্ড ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।  

সরেজমিনে দেখা গেছে, ছুটির দ্বিতীয় দিনের সকাল হতেই বাসস্ট্যান্ডের প্রতিটি টিকিট কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের অতিরিক্ত চাপের সুযোগে অসাধু টিকিট বিক্রেতারা বাড়তি ভাড়া আদায় করছেন। কোনো কোনো কাউন্টার কর্তৃপক্ষ ৬০০-৭০০ টাকা বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন টিকিট বিক্রেতা দাবি করেছেন, ঈদ উপলক্ষে কিছুটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

কক্সবাজার যেতে বাড়তি ভাড়া দিয়ে ইম্পেরিয়াল পরিবহনের দুটি টিকিট কেটেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আফজাল হোসেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সাধারণত আমরা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় কক্সবাজার যাই। ঈদ উপলক্ষে সেই টিকিট ১ হাজার ৮০০ টাকা করে কিনতে বাধ্য হলাম। এই হলো আমাদের দেশ!’

চাঁদপুরের মতলবগামী গার্মেন্টসের কর্মী সায়েদুল ইসলাম অভিযোগ করেন, ‘আমরা সব সময় ১৫০ টাকায় মতলব যাই। অথচ আজ আগের চেয়ে ১০০ টাকা বেশি নিছে।’

চাকরিজীবী আয়েশার অভিযোগ, স্বাভাবিক সময়ে তিনি ৭০০ টাকায় সিলেট যেতেন। ঈদ উপলক্ষে তাঁর কাছ থেকে ৫০ টাকা বাড়তি আদায় করা হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শিমরাইল মোড় বাসস্ট্যান্ডের ইম্পেরিয়াল পরিবহনের টিকিট বিক্রেতা আলী নূর বলেন, ‘আগে ছাড় দিয়ে কক্সবাজারের ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ভাড়া রাখা হতো। এখন ঈদ উপলক্ষে ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। আজকের ভাড়া এটি। কোনো ছাড় নাই এখন।’

মতলবগামী পরিবহন জৈনপুর পরিবহনের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আগে মতলবের ভাড়া ছিল ১৭০ টাকা। ঈদ উপলক্ষে ৮০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখব।’

আরও পড়ুন:

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫