হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে: জিয়াউদ্দিন হায়দার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্সসেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, নারায়ণগঞ্জে এক হাজার শয্যার একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহে সামাজিক সংগঠন টিম খোরশেদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্সসেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশে সরকারি ও বেসরকারি সাধারণ হাসপাতাল মোটামুটি থাকলেও বিশেষায়িত হাসপাতাল নেই। এ কারণে বাংলাদেশে বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরে অন্তত সাত থেকে আটটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে একটি হাসপাতালের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। চীনা সরকারের সঙ্গে কথা হয়েছে, যাদের মাধ্যমে নীলফামারীতে এক হাজার শয্যার একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মিত হবে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জবাসীর কল্যাণে ফ্রি অ্যাম্বুলেন্সসেবার এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

রাজনীতি প্রসঙ্গে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, মহড়া দেওয়ার রাজনীতির দিন শেষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী মনেপ্রাণে চান বাংলাদেশে নলেজ বেইজড পলিটিকস চালু করতে। রাজনীতির কেন্দ্রে থাকবে উন্নয়ন এবং মানুষের কল্যাণকেন্দ্রিক রাজনীতি করতে হবে।

নারায়ণগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্সসেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের প্রথম দুই দিনের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি, যেখানে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়বে।

টিম খোরশেদের কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, তাদের কাজ ‘সত্যিই আন প্যারালাল’। তিনি বলেন, ছোট ছোট কাজগুলো দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে।

দেশের উন্নয়নে অংশীদারত্বমূলক কাজের ওপর গুরুত্বারোপ করে জিয়াউদ্দিন হায়দার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গঠন একার পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

টিম খোরশেদের প্রধান সমন্বয়কারী মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫