হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ সেতু সংস্কারকাজ শুরু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কে যানজট। আজ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মুগরাপাড়া চৌরাস্তা এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে ধীরগতিতে গাড়ি চলায় ঢাকামুখী লেনের প্রায় ৮ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজ শুরু করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আজ লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ফলে অত্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা সেতুও ছাড়িয়ে যায়। আজ বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই পরিস্থিতি দেখা যায়।

তিশা পরিবহনের চালক মনির হোসেন বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। সংস্কারকাজ করার আগে বিকল্প ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হতো। ১৫ মিনিটের সড়ক পার হতে ১ ঘণ্টা ২৫ মিনিট সময় লাগছে।’

যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘যেখানে ১০ মিনিটে যাওয়ার কথা, সেখানে এক ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সময়মতো পৌঁছানো যাবে না। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কম হতো।’

ট্রাকচালক আব্দুল আলী বলেন, মেঘনা টোল প্লাজা থেকে ঢাকামুখী লেনে আস্তে আস্তে গাড়ি চলাচল করছে। দেড় ঘণ্টা বসে থেকে মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। স্বাভাবিক সময়ে এই পথ যেতে ৮ থেকে ১০ মিনিট লাগে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় সকাল থেকে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সেতুর একটি লেনের সংস্কারকাজ করায় অন্য একটি লেন দিয়ে যান চলাচল করছে। ধীরগতিতে যান চলাচল করায় মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করছি, রাতে যানজট স্বাভাবিক হবে।’

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুর সংস্কারকাজ শেষ হতে বুধবার পর্যন্ত সময় লাগবে। ঢাকামুখী লেনের সংস্কারকাজ আজকে শেষ হবে। এখন চট্টগ্রামমুখী লেনের সংস্কারকাজ চলছে। ইতিমধ্যে ঢাকামুখী দুটি লেন খুলে দেওয়া হয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫