হোম > সারা দেশ > নড়াইল

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হত্যার প্রতিবাদে নড়াইলের সব পেট্রলপাম্প বন্ধ

নড়াইল প্রতিনিধি 

নড়াইল সদর উপজেলার তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে আজ রোববার জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নড়াইল সদর উপজেলায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলার সব পেট্রলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) জেলার ১০টি পেট্রলপাম্পের সবগুলো বন্ধ থাকবে বলে নড়াইল জেলা পেট্রলপাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু জানিয়েছেন। তিনি জানান, নাহিদ হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেলসেতুর কাছে ট্রাকচাপায় নাহিদ সরকার প্রাণ হারান। তিনি তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক ছিলেন। তেল না পেয়ে তাঁকে ট্রাকচাপায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফিলিং স্টেশনটির কর্মচারী আখের আলী ও মো. ইসরাফিলের অভিযোগ, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। কিন্তু ফিলিং স্টেশনে তেল না থাকায় এতে অপারগতা প্রকাশ করেন নাহিদ সরদার। এ নিয়ে ট্রাকচালক সুজাতের সঙ্গে নাহিদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত হুমকি দেন, নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যা করবেন।

আখের আলী ও ইসরাফিল জানান, হুমকির পর ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন ব্যবস্থাপক নাহিদ ও কর্মচারী জিহাদ। ফিলিং স্টেশন থেকে ১০০ গজ দূরে গেলে সুজাত ট্রাক নিয়ে এসে মোটরসাইকেলটিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার মারা যান। গুরুতর আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, নাহিদ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত ট্রাকচালক সুজাত পলাতক রয়েছেন। আজ দুপুরে বেনাপোল থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলের ফিলিং স্টেশনটিতে এসেছি। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চলছে। এ ছাড়া পাম্পের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জীবিকার শহরে লেকে ডুবে ৩ জনের মৃত্যু: রঘুনাথপুরে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে নড়াইলের দুই ভাই-বোন ও এক জামাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নড়াইলে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিহত

মা ছিলেন ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুপুত্রের

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নড়াইলে হত্যা মামলার আসামিদের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহতের অভিযোগ

নড়াইলে পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইলে আগুনে পুড়ল ৪ দোকান, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৭ সন্তান প্রসব, বাঁচেনি কেউ

নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক