হোম > সারা দেশ > মৌলভীবাজার

ঈদের আগে মজুরির দাবিতে ৪ বাগানে চা-শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জে মিরতিংগা চা-বাগানে জড়ো হন বিক্ষুদ্ধ চা-শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

ঈদের আগে মজুরি না পাওয়ায় মৌলভীবাজার ও হবিগঞ্জে দেউন্দি টি কোম্পানির চারটি চা-বাগানে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। এর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জের একটি ও হবিগঞ্জের তিনটি চা-বাগান রয়েছে। শ্রমিকেরা বলছেন, ঈদের আগে মজুরি না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাগানগুলোর মুসলিম শ্রমিকেরা। তবে চা-বাগান কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের বকেয়া মজুরি নেই এবং চলতি সপ্তাহে অর্ধেক মজুরি দিতে চাইলে শ্রমিকেরা সেটি নেননি। এদিকে বকেয়া মজুরি পরিশোধ করে দ্রুত বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ।

আজ সোমবার (২৫ মে) সকাল থেকে সাপ্তাহিক তলবের দাবিতে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগানের ফ্যাক্টরিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। শ্রমিকেরা বলছেন, নিয়মিত সাপ্তাহিক তলব গত বৃহস্পতিবারে দেওয়ার কথা থাকলেও কৃষি ব্যাংকের ঋণ না পাওয়ার অজুহাতে বাগান কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। মিরতিংগা চা-বাগানে দুই শতাধিক মুসলিম চা-শ্রমিকের বসবাস। ঈদের ঠিক আগমুহূর্তে মজুরি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

বিক্ষোভের জেরে দেউন্দি টি কোম্পানির মিরতিংগা চা-বাগান কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি ব্যাংক কর্তৃপক্ষ ঋণ না দেওয়ার কারণে ২১ মে থেকে চা-শ্রমিকদের তলব (সাপ্তাহিক মজুরি) বন্ধ থাকছে। ব্যাংকঋণের ওপর পরবর্তী তলব নির্ভর করছে।

মিরতিংগা চা-বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে কর্মবিরতির নেতৃত্ব দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালি সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ধনা বাউরি, চা-ছাত্র যুব পরিষদ মনু-ধলই ভ্যালির যুগ্ম আহ্বায়ক মানিক প্রসাদ পাল, সিরাজুল ইসলাম জব্বার, রামনারাইন কৈরী, ইমরান নাজির প্রমুখ।

ধনা বাউরি বলেন, ঈদের ঠিক আগমুহূর্তে পূর্ণ মজুরি না দেওয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। এই চা-বাগানে মুসলিম শ্রমিক পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তা ছাড়া কাজ করলে মজুরি দেবে—এমন নিশ্চয়তাও দিচ্ছে না বাগান কর্তৃপক্ষ।

এ বিষয়ে দেউন্দ টি কোম্পানির কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান ইমন বলেন, এই বাগানে শ্রমিকদের কোনো বকেয়া নেই। ব্যাংক থেকে গত বৃহস্পতিবার টাকা উত্তোলন করা যায়নি। তবে এই সপ্তাহে তাঁদের হাফ পেমেন্ট দিতে চাইলে শ্রমিকেরা সেটি নিতে চাননি এবং তাঁরা আন্দোলন শুরু করেছেন।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু