হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভাড়া বৃদ্ধির দাবিতে আরিচা-কাজিরহাট রুটে স্পিডবোট চলাচল বন্ধ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

আরিচা ঘাটে বেঁধে রাখা স্পিডবোট। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে চলাচল বন্ধ রেখেছেন স্পিডবোটমালিক ও চালকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, ২০১১ সালে চালু হওয়া প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ আরিচা-কাজিরহাট রুটে বিআইডব্লিউটিএ নির্ধারিত যাত্রীভাড়া ২১০ টাকা। তবে জ্বালানি খরচ, চালকের বেতন ও অন্যান্য ব্যয় বাড়ায় দীর্ঘদিন ধরে যাত্রীপ্রতি ২৫০ টাকা ভাড়া আদায় করছিলেন মালিকেরা। ছাত্র আন্দোলনের কারণে গত বছরের ৫ আগস্ট থেকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন লাইসেন্স নিয়ে স্পিডবোট চলাচল আবারও শুরু হয়, তখনো ২৫০ টাকা ভাড়াই নেওয়া হচ্ছিল।

সম্প্রতি কর্তৃপক্ষ আবার ২১০ টাকা হারে ভাড়া আদায়ের নির্দেশনা দিলে মালিকেরা ক্ষতির মুখে পড়ার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, ঈদ বা যেকোনো বিশেষ সময় যাত্রীর চাপ থাকলেও ফিরে আসার পথে যাত্রী না থাকায় লোকসান বেড়ে যায়। তাই ২৫০ টাকা ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পিডবোটমালিকদের একজন জানান, ভাড়া বাড়ানোর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিআইডব্লিউটিএ আরিচা ট্রাফিক সুপারভাইজার আফসার আলী জানান, ভাড়া বাড়ানোর দাবিতে আজ সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। যৌথ বাহিনী ঘাট পরিদর্শনে এসেছে।

বিআইডব্লিউটিএ আরিচা নদীবন্দর উপপরিচালক মো. সেলিম শেখ বলেন, মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর আবেদন পাওয়া গেছে। তবে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশনা রয়েছে, ভাড়া বাড়ানো হবে না। ফলে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। বর্তমানে ঘাটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

ডিবি পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আটক মাদক কারবারি ছিনতাই

মানিকগঞ্জের ঘিওর: চড়া মূল্যেও বঞ্চিত চাষি

শিবালয়ে যাত্রীবাহী বাসে চাঁদাবাজি, যুবদল নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে বিএনপির পুরোনো ঘাঁটি পুনর্দখল: তিন আসনেই দাপুটে জয়

জাল ভোট দেওয়ার চেষ্টাকালে যুবক আটক

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ