হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

কামাল জামান মোল্লার অনুসারীরা মহাসড়কে মশাল মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর-১ আসনে বিএনপির নতুন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চেয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন কামাল জামান মোল্লার সমর্থকেরা। আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদবরের চর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। দেড় ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে মহাসড়কে যানবাহন চলাচল থমকে যায়। এই সময় এক্সপ্রেসওয়ের উভয় লেনে শত শত যান আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

কামাল জামান মোল্লার অনুসারীরা মহাসড়কে মশাল মিছিল করেন। তাঁরা বিএনপির নতুন প্রার্থীর মনোনয়ন বাতিল করে কামাল জামান মোল্লাকে পুনরায় ধানের শীষের প্রতীকে প্রার্থী করার দাবি জানান। পরে তিন দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, ‘শিবচরে বিএনপি নেতা কামাল জামান মোল্লা একজন জনপ্রিয় নেতা। তাঁর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। হঠাৎ বৃহস্পতিবার অন্য একজনকে মনোনয়ন দেয় বিএনপি। আমরা এই মনোনয়ন প্রত্যাহার এবং কামাল জামান মোল্লার মনোনয়ন বহাল রাখার দাবি জানাই।’

শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু বলেন, ‘আমরা কামাল জামান মোল্লার মনোনয়ন বহাল চাই। কোনো ষড়যন্ত্র মানি না। মনোনয়ন বহাল না রাখলে বড় কর্মসূচি দেওয়া হবে।’

জানা গেছে, গত ৩ নভেম্বর মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। এক দিন পর অনিবার্য কারণে বিএনপির হাইকমান্ড তাঁর মনোনয়ন স্থগিত করে। এক মাস পর গত ৪ ডিসেম্বর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে। বিএনপির এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং পুনরায় মনোনয়ন ফিরে পেতে কামাল জামান মোল্লার সমর্থকেরা বিক্ষোভ করছেন।

জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে অবরোধ প্রত্যাহার করে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর: দেড় বছর থমকে ৮ কোটির সেতু নির্মাণ

মাত্র ৩৮৫ ভোটে বিজয়ী হয়ে রিকশার চমক