হোম > সারা দেশ > খুলনা

সড়কে খুবি ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের মামলা, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

সড়ক দুর্ঘটনায় নিহত খুবির ছাত্রী মৌমিতা হালদার। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে খুবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় এই মামলা করেন।

এর আগে বেলা ১১টার দিকে বিচারের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। পরে তাঁরা খুলনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার খুলনা জেলা পরিষদ ভবনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা থেকে পড়ে প্রাণ হারান।

ঘটনার পরদিন গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘাতক চালককে গ্রেপ্তার, সংশ্লিষ্ট গাড়ি জব্দ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে খুলনা মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পৃথক চিঠি দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, মৌমিতার মৃত্যুর তিন দিন পার হলেও ঘাতক চালক আটক না হওয়া এবং গাড়ি শনাক্ত না হওয়া অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক।

রেজাউল করিম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ কমিশনারের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। তিনি বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু তদন্ত কার্যক্রম চলমান থাকলেও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অস্পষ্ট হওয়ায় এখনো চালককে শনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে।’

সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

উপাচার্য আরও বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে অবহিত করা হয়েছে। নিহত ছাত্রীর পরিবার মামলা না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

রেজাউল করিম বলেন, এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতিরোধক মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু