হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় সমাবেশ: এক বছরের মধ্যে দেশে ফিরতে চান রোহিঙ্গারা

কক্সবাজার প্রতিনিধি

নাগরিকত্ব নিয়ে নিরাপদে এক বছরের মধ্যে মিয়ানমারে ফেরার দাবিতে কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরে সমাবেশ করেছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লম্বাশিয়া এক নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ থেকে ‘এনাফ ইজ এনাফ’ স্লোগান তোলা হয়। 

সমাবেশে নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গা নেতারা মিয়ানমারে চলমান সংঘর্ষে নিজের দেশকে আঁকড়ে ধরে থাকার পরামর্শ দিয়েছেন রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের। 

সমাবেশে মাস্টার কামাল ও মাস্টার মুসাসহ রোহিঙ্গা নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, রোহিঙ্গাদের অধিকার আছে, দেশ আছে। এখন অধিকার ফিরে পেতে আওয়াজ তুলবে, প্রতিবাদ করবে। 

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, এখন তাঁরা নিজেরাই নিজেদের দেশে ফিরে যেতে উদ্যোগ গ্রহণ করবেন। এ জন্য সমাবেশ এবং বিভিন্ন প্রচার–প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করাই তাঁদের প্রথম পদক্ষেপ। এরপর নিজেরাই নিজেদের অধিকার ফিরে পেতে লড়াই করবেন। 

সমাবেশে রোহিঙ্গা নেতারা আরও বলেন, এখনো যেসব রোহিঙ্গা মিয়ানমারে আছেন তাঁদের নির্যাতন করা হচ্ছে। তাঁদের বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস সরবরাহসহ সব সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের হত্যা এবং তাঁদের দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে। 

নেতারা বলেন, খুশিতে নয়, গণহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসেছি। আমরা এক মুহূর্তও এখানে থাকতে চাই না। আমরা এমন জীবন চাই না। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। আমাদের দাবিগুলো পূরণে মিয়ানমার যাতে বাধ্য হয়, সে জন্য বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন দ্রুত দেখতে চান রোহিঙ্গা নেতারা। 

সমাবেশ থেকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা দেশে ফিরবে বলে ঘোষণা দেওয়া হয়। বক্তারা আরও বলেন, যথেষ্ট হয়েছে, এবার আন্দোলনের মাধ্যমে রোহিঙ্গারা তাদের অধিকার ফিরে পাওয়া আন্দোলনে যাবে। 

হাজারো রোহিঙ্গা নারী–পুরুষ বিভিন্ন দাবি ও স্লোগান নিয়ে সমাবেশে অংশ নেন। শিশুদের পরনে ছিল মিয়ানমারের স্কুল ড্রেস।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬