হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেফাজতের আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে আজ সোমবার হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাক্ষাৎ হয়েছে। আজ সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে এসে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় তিনি ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চান।

আমিরের ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রদূত সকালে মাদ্রাসায় পৌঁছালে তাঁকে হেফাজত নেতারা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ফুল দিয়ে স্বাগত জানায়।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আসেন ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় হেফাজতের আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। পরে তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন। ফিলিস্তিন রাষ্ট্রদূত হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় নিজ দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ইউসুফ রামাদান হেফাজতের আমিরের কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চান। সৌজন্য সাক্ষাতে ইসলাম ও মুসলিম স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন আমির ও রাষ্ট্রদূত।

পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ইউসুফ এস ওয়াই রামাদান। সেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাংবাদিকদের বলেন, ‘দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার থাকায় কৃতজ্ঞতা জানাতে হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে এসেছি। বাংলাদেশের সরকার, জনগণ ও হেফাজত নেতারা সব সময় ফিলিস্তিনকে সমর্থন জুগিয়ে আসছে। আমি এ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ।’

হেফাজতের নেতা ও মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে স্পষ্ট ভূমিকা এবং মুসলিম ও ইসলামের স্বার্থরক্ষায় হেফাজতের আমিরের অবস্থানকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত আশা করেন, গাজাবাসীর পক্ষে হেফাজত ভবিষ্যতে আরও জোরদার ভূমিকা রাখবে।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার