হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বদের সম্মাননা এবং মতবিনিময় সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. মিজানুর রহমান। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা, অসুস্থ সাবেক খেলোয়াড়দের আর্থিক সহায়তার পাশাপাশি ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে মহানন্দা ক্রীড়া সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. মিজানুর রহমান।

সভায় স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বরা নিজেদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মু. মিজানুর রহমান বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি। তিনি জানান, শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নের ক্ষেত্রে তিনি কখনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেন না এবং ভবিষ্যতেও করবেন না।

এ সময় মিজানুর রহমান এলাকার ক্রীড়া উন্নয়নে মাঠ সংস্কার, জিমনেশিয়াম চালু, এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন এবং সরকারি বরাদ্দের অপব্যবহার রোধে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে জাতীয় দলের অনূর্ধ্ব-২০ ফুটবলার ইউসুফ আলী ও জাতীয় দলের অনূর্ধ্ব-১৮ বাস্কেটবল খেলোয়াড় ইব্রাহিম খলিল সোহাগকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ চার সাবেক খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেওয়া হয়।

একই অনুষ্ঠানে চারটি ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠানকে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধিত খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকেরা বলেন, এ ধরনের আয়োজন সাবেক, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। বক্তারা স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক আহত, হাসপাতালে মৃত্যু