হোম > সারা দেশ > ভোলা

‘বাতাসে’ বিদ্যুৎ-বিভ্রাট, ভোগান্তিতে গ্রাহক

শিমুল চৌধুরী, ভোলা 

বৈদ্যুতিক লাইনের তারে উপড়ে পড়েছে গাছ। সরানোর কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। ছবি: আজকের পত্রিকা

গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিদ্যুৎ-বিভ্রাটে গরমে অস্বস্তির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কল-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, বিদ্যুতের লোডশেডিং নেই। বাতাসের কারণে বিদ্যুতের এমন সমস্যা হচ্ছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পেলেও প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় ট্রান্সফরমার, গ্রিড সাবস্টেশন ও টেকসই সঞ্চালন লাইনের অভাবে প্রয়োজনীয় লোড নিতে পারছে না বিতরণ বিভাগ।

ভোলা বিসিক শিল্প নগরীর খান ফ্লাওয়ার মিলের মালিক মো. জামাল উদ্দিন বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে ভোলায় বিদ্যুৎ আসে আর যায়। এতে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিদ্যুতের এই আসা-যাওয়ার কারণে গত শনিবার আমার মিলের মোটর জ্বলে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ না থাকলে শ্রমিকেরা বসে থাকেন। এতে উৎপাদন কমলেও শ্রমিকের পুরো মজুরি ঠিকই পরিশোধ করতে হচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ওজোপাডিকোর আওতায় জেলা সদরে ২০ থেকে ২২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। গ্রাহক রয়েছে ৮৫ হাজার। পল্লী বিদ্যুৎ সমিতির ৯১ মেগাওয়াট চাহিদার বিপরীতে বোরহানউদ্দিন প্ল্যান্ট থেকে ৬৮ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ মিলছে। রেন্টালের একটি ইউনিট থেকে আগে ১০ মেগাওয়াট বিদ্যুৎ পেলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুতের আওতায় এখন পর্যন্ত লোডশেডিং নেই বলে দাবি করেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহ্ মো. রাজ্জাকুর রহমান। তিনি জানান, তাঁদের সমিতির আওতাধীন ভোলায় মোট গ্রাহক রয়েছে ৪ লাখ ৪৬ হাজার।

জানা গেছে, ২০০৯ সাল থেকে রেন্টাল ৩৪ দশমিক ৫ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হতো। কিন্তু ২০২৫ সালের ৩১ জুলাই এই প্ল্যান্টটি চুক্তি শেষ হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়। ফলে, প্রায় ৪২ কিলোমিটার দূরত্বে বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত ২২৫ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর আগে ২২৫ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট দিয়ে সদর উপজেলা ব্যতীত বাকি সব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ হতো। কিন্তু সেখানে দুটি পাওয়ার ট্রান্সফরমারের মধ্যে ৪৬ / ৬০ এমভিএ ট্রান্সফরমারটি ২০২৫ সালের ২২ মে থেকে অকেজো অবস্থায় আছে। বর্তমানে একটি মাত্র পাওয়ার ট্রান্সফরমার ১২০ / ১৪০ এমভিএ দিয়ে ভোলা জেলার সব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চলমান রাখা হয়েছে। একটি মাত্র ট্রান্সফরমার চালু থাকায় বিদ্যুতের চাহিদা পূরণে সমস্যা হচ্ছে। এ ছাড়া দূরত্বের কারণে ঝোড়োবৃষ্টিতে লাইন প্রায়ই বন্ধ হয়ে যায় এবং ফল্ট মেরামতে দীর্ঘ সময় লাগে। একটি মাত্র সুইচ ইয়াড দিয়ে সম্পূর্ণ ভোলা জেলায় বিদ্যুৎ সরবরাহ করায় প্রায় জরুরি কাজে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। এ সমস্যার সমাধানের জন্য দ্রুত খেয়াঘাট ৩৪ দশমিক ৫ মেগাওয়াট পাওয়ার আবার চালু করা এবং বোরহানউদ্দিন বিদ্যুৎ কেন্দ্রের ৪৬ / ৬০ এমভিএ ট্রান্সফরমার পুনঃস্থাপন করা জরুরি মনে করছেন এলাকাবাসী। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ভোলা সদরে একটি গ্রিড সাবস্টেশন স্থাপনও দরকার বলে মনে করছেন তাঁরা।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জেলা সাধারণ সম্পাদক মো. সুলাইমান বলেন, ভোলা থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে অন্যান্য জেলায় সরবরাহ করা হচ্ছে। কিন্তু ভোলার গ্রাহকেরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে না। গ্রিড সাবস্টেশনসহ বিতরণের যেসব সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তিনি।

জানতে চাইলে ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। জেলা সদরে ২০ থেকে ২২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। তবে, এক সপ্তাহ ধরে তীব্র বাতাসের কারণে বিদ্যুতের সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, ভোলায় অনেক গাছগাছালি রয়েছে। বিশেষ করে সুপারিগাছ প্রচুর।

তীব্র বাতাসের কারণে গাছের ডাল-পাতা বিদ্যুতের তারে পড়ে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দেয়।

ভোলায় বিদ্যুৎ আসে আর যায়, ভোগান্তিতে গ্রাহক

ভোলার চরফ্যাশন: অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক

ভোলার বক্ষব্যাধি ক্লিনিকের এক্স-রে মেশিনই নষ্ট

ভোলায় বৃদ্ধাকে হত্যা করে মালামাল লুট

বীর মুক্তিযোদ্ধা ডা. তরিকুল আলম চৌধুরী মারা গেছেন

এনআইডির তথ্যে ‘মৃত’ দেখানো হলো জীবিত ব্যক্তিকে, ভোগান্তিতে ইসমাইল

শ্রমিক সংঘর্ষে ভোলায় ৫ ঘণ্টা বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

ভোলায় চোরাই মালসহ গ্রেপ্তার ২

ভোলার চরফ্যাশন: সেচের টানে খাবার পানিশূন্য নলকূপ