হোম > সারা দেশ > বরিশাল

নাবিক মোহাম্মদ আলীর অপেক্ষায় নববধূ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন নাবিক হোসাইন মোহাম্মদ আলী (২৬)। এরপর দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগ দেন মোহাম্মদ আলী। 

বরিশালের বানারিপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের বাসিন্দা তিনি। 

গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা বোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাদের মধ্যে আছেন বরিশালের হোসাইন মোহাম্মদ আলীও। 

মোহাম্মদ আলী স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন। সেই ফেরা এখন অনিশ্চিত। 

আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। এরপরে ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন ২০২০ সালে। দুই মাস আগে দক্ষিণ কোরিয়া গিয়ে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন। 

গতকাল মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন, হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই স্বজনদের কান্না আর থামছে না। 

সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি আজ সাংবাদিকদের বলেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা। 

এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই অঝোরে কাঁদছেন আলীর মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। 

নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা বলেন, সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তাঁর। 

বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, গত বছরের শেষে বিবাহ করেছিলেন আলী হোসেন। এ ঘটনায় আলীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পাচারকালে ৩ লাখ রেনু পোনা জব্দ, কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ