নগরীর খালিশপুর নিউমার্কেটের ময়লার স্টেজ পয়েন্ট থেকে কেসিসির গাড়ির তেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন খুলনা সিটি করপোরেশনের গাড়ির চালক এনায়েত হোসেন বাবলু।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে তাকে স্থানীয়রা আটক করে। পরে কেসিসির কনজারভেন্সি কর্মকর্তার হস্তক্ষেপে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়।
কেসিসির কনজারভেন্সি সুপারভাইজার নুরুজ্জামান সুমন বলেন, নগর স্বাস্থ্যকেন্দ্র ৩-এর পাশে বসা ছিলেন তিনি। এ সময় ব্যাক হুইল লোডারের চালক বাবলু তাঁকে দেখে উচ্চ স্বরে কথা বলে বাইরে চলে যান। বিষয়টি তাঁর কাছে সন্দেহ হয়। সুমন ডাম্পিং পয়েন্টের ভেতর গিয়ে দেখে হেলপার সুরুজ একটি পাইপের মাধ্যমে ট্যাংকি থেকে ক্যানে ৩৫ লিটার তেল বের করেছে।
তখন সেই ভিডিওচিত্র ধারণ করতে গেলে প্রথমে তাঁকে বাধা দেওয়া হয়। পরে তাঁকে মারধর এবং গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে ওই চালক।
তিনি আরও বলেন, তাঁদের দুজনের হাত থেকে প্রাণে বেঁচে রাস্তায় উপস্থিত স্থানীয়দের বিষয়টি জানান। তাঁরা এগিয়ে এলে চালক ক্যানে ১০ লিটার রেখে বাকি তেল ময়লার ভেতরে ফেলে দেন।
তখন স্থানীয়রা তাঁকে আটক রেখে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে বিষয়টি আবগত করে।
পরে সেখানে সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার প্রকৌশলী আনিসুর রহমান ও সহকারী কনজারভেন্সি অফিসার জিয়াউর রহমান জিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।
বিষয়টি জানতে চালক বাবলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তেলের ভেতর ময়লা জমে ছিল। তাই ফিল্টার পরিষ্কার করতে গেলে ট্যাংকে থেকে তেল নামাতে হয়।
ঘটনার ব্যাপারে সহকারী কনজারভেন্সি অফিসার জিয়াউর রহমান জিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রশাসক স্যার আমাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। আমরা উপস্থিত সাধারণ জনতা এবং সুমন ও নুরুজ্জামানের কাছে বিষয়টি শুনেছি। অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়কে লিখিত বক্তব্য দেওয়া কথাও তাদের জানিয়েছি। এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’