ফরিদপুরে শ্রমিকদের বোর্ডিংয়ের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরের গোয়ালচামটের কৃষাণহাটা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও দেব কুমার পালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন কক্ষ থেকে ৭ জন নারী ও ১২ জন পুরুষকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের গোয়ালচামটে ওজোপাডিকো কার্যালয়ের বিপরীত পাশে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের অবস্থানের ব্যবস্থা করা হয়। যেটি কৃষাণহাটা হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং প্রতিদিন অন্ততপক্ষে এক হাজার শ্রমিক অবস্থান করেন। শ্রমিকদের থাকার জন্য সেখানে প্রায় অর্ধকিলোমিটার দৈর্ঘ্যের একটি আবাসিক বোর্ডিং গড়ে তোলা হয়েছে। এই বোর্ডিংয়ের নামে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক কারবার চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, কৃষাণহাটায় গড়ে ওঠা সব আবাসিক হোটেলে অভিযানকালে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় অনেককে পাওয়া যায় এবং মাদক ব্যবসারও প্রমাণ পাওয়ায় আটক করা হয়েছে। এ ছাড়া এখানে অবৈধভাবে নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।