হোম > বিশ্লেষণ

সুয়েজ ও পানামা খালে টোল বৈধ হলে, হরমুজে কেন নিতে পারবে না ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

প্রাকৃতিক জলপথ হলেও হরমুজ প্রণালি দিয়ে বিনা টোলে কোনো জাহাজ পেরোতে দেবে না ইরান। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালি নিয়ে এক নজিরবিহীন ও বিতর্কিত প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান এখন এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ‘ট্রানজিট ফি’ বা টোল আদায়ের দাবি তুলছে। ইরানের এই ১০-দফা শান্তি প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত হলো—প্রণালির ওপর তাদের ডি-ফ্যাক্টো (কার্যত) নিয়ন্ত্রণ বজায় রাখা এবং যাতায়াতকারী প্রতিটি জাহাজ থেকে মাশুল আদায় করা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের এই দাবি আদায়ের জন্য একটি সুনির্দিষ্ট আর্থিক ও প্রশাসনিক কাঠামো তৈরির পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে:

ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট: ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ব্যাংকিং নিষেধাজ্ঞা এড়াতে ইরান শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে এই টোল আদায়ের পরিকল্পনা করছে।

মাশুলের হার: রয়টার্সের তথ্যমতে, প্রাথমিকভাবে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল দাবি করা হচ্ছে। জাহাজের ধরন, মালামালের পরিমাণ এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে এই ফি কম-বেশি হতে পারে।

লাইসেন্স ও পারমিট: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, তাঁরা ওমানের সঙ্গে মিলে একটি প্রোটোকল তৈরি করছেন যেখানে প্রতিটি জাহাজকে প্রণালি পার হওয়ার জন্য বিশেষ লাইসেন্স নিতে হবে। তবে ওমান সরকার এই প্রস্তাবে সায় না দিয়ে জানিয়েছে, তাদের এমন কোনো পরিকল্পনা নেই।

আন্তর্জাতিক আইন বনাম ইরানের দাবি

ইরানের এই দাবি আন্তর্জাতিক সমুদ্র আইনের (ইউএনসিএলওএস) মৌলিক নীতির পরিপন্থী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ জাতিসংঘ কনভেনশন অনুযায়ী, কোনো রাষ্ট্র প্রাকৃতিকভাবে তৈরি আন্তর্জাতিক প্রণালিতে কেবল প্রবেশের অনুমতির জন্য কোনো মাশুল আদায় করতে পারে না। তবে পাইলটিং, টাগবোট বা বন্দর পরিষেবার মতো সুনির্দিষ্ট সেবার জন্য ফি নেওয়া যেতে পারে।

তবে সুয়েজ বা পানামা খাল কৃত্রিমভাবে খনন করা বলে সেখানে টোল নেওয়া বৈধ। কিন্তু মালাক্কা প্রণালির সঙ্গে সংযোগ স্থাপনকারী সিঙ্গাপুর প্রণালি বা হরমুজের মতো প্রাকৃতিক পথে টোল আদায়ের কোনো নজির আধুনিক ইতিহাসে নেই। তুরস্কের বসফরাস প্রণালিতেও ১৯৩৬ সালের মনট্রিক্স কনভেনশন অনুযায়ী বাণিজ্যিক জাহাজের জন্য টোল-মুক্ত যাতায়াত নিশ্চিত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই দাবিকে ‘অসম্মানজনক’ ও ‘জবরদস্তি’ বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘তেলবাহী জাহাজ প্রবাহিত হবেই, ইরান থাকুক বা না থাকুক।’ মুক্ত নৌ-চলাচল নিশ্চিত না করলে কোনো স্থায়ী শান্তি চুক্তি হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোও ইরানের এই পদক্ষেপে দারুণভাবে উদ্বিগ্ন। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথকে কোনো নির্দিষ্ট দেশ ‘জিম্মি’ করে রাখতে পারে না। কাতারও জানিয়েছে, যে কোনো আর্থিক ব্যবস্থার আলোচনা জলপথ পুনরায় উন্মুক্ত হওয়ার পর হওয়া উচিত।

এদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা ইরানের অন্যতম মিত্র এবং এই রুট দিয়ে জ্বালানি আমদানিতে শীর্ষ দেশ। ফলে চীনের ওপর ইরানের এই দাবি বড় ধরনের প্রভাব ফেলবে।

কেন ইরানকে থামানো কঠিন?

বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালালেও তাকে নতিস্বীকার করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:

ভৌগোলিক সুবিধা: ৩৪ কিলোমিটার চওড়া এই প্রণালির উত্তর তীর জুড়ে রয়েছে ইরানের খাড়া পাহাড় ও সামরিক অবস্থান। এখান থেকে খুব সহজেই যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা সম্ভব।

দীর্ঘমেয়াদি যুদ্ধের ঝুঁকি: সামরিক উপায়ে এই পথ উন্মুক্ত রাখতে গেলে পাহাড় ঘেরা এই উপকূলে একটি বিশাল ও দীর্ঘমেয়াদি স্থলযুদ্ধের প্রয়োজন হবে, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইতিমধ্যে অন্তত একটি জাহাজ ২ মিলিয়ন ডলার টোল দিয়ে প্রণালি পার হওয়ার ঘটনা ঘটেছে (যদিও তা যাচাই করা যায়নি)। শেষ পর্যন্ত ইরান যদি এই দাবিতে সফল হয়, তবে বিশ্বজুড়ে তেলের দাম ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুতিনের প্রোপাগান্ডা মেশিন যেভাবে কাজ করে

ইরান যুদ্ধে ‘শান্তির পায়রা’ পাকিস্তান হয়ে উঠল যেভাবে

যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় মধ্যপ্রাচ্য, আলোচনায় নতুন নিরাপত্তা মডেল

অতীতে যেসব আন্তর্জাতিক সংঘাত নিরসনে সফলভাবে মধ্যস্থতা করেছে পাকিস্তান

আলোচনায় কি দূরত্ব ঘুচবে যুক্তরাষ্ট্র-ইরানের

যুদ্ধবিরতির পরও হরমুজে অনিশ্চয়তা—উপসাগরীয় দেশগুলোর জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

রক্তাক্ত-ক্ষতবিক্ষত হয়েও জয়ী ইরান

ইরানকেও পারমাণবিক শক্তিধর বানাতে চেয়েছিলেন পাকিস্তানের কাদির খান, যেভাবে চলেছিল কার্যক্রম

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

ইরান থেকে শূন্য হাতে ফিরছেন ট্রাম্প