হোম > রাজনীতি

সেতুমন্ত্রীর সফরে বাউফলে বিএনপি-জামায়াত হাতাহাতি

পটুয়াখালী প্রতিনিধি

সেতুমন্ত্রীর উপস্থিতিতে বিএনপি-জামায়াতের দুই পক্ষের হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শনে এসে রাজনৈতিক উত্তেজনার মুখে পড়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী রবিউল আলম। বিএনপি ও জামায়াতপন্থী দুই পক্ষের মধ্যে স্লোগান, বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় শেষ পর্যন্ত তিনি বগা প্রান্তের মঞ্চে ওঠেননি।

আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রীর সফর কেন্দ্র করে লোহালিয়া নদীর দুই প্রান্ত—বগা ও দুমকীতে পৃথক দুটি মঞ্চ নির্মাণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগা প্রান্তের মঞ্চের আয়োজন করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর ড. শফিকুল ইসলাম মাসুদ। মন্ত্রী ফেরিতে নদী পার হয়ে বগা প্রান্তে পৌঁছালে সেখানে বাউফল উপজেলা বিএনপির একদল নেতা-কর্মী স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, মঞ্চের ব্যানারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি নেই।

একপর্যায়ে ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থক ও নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় হট্টগোল সৃষ্টি হয়।

পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তাজনিত কারণে সেতুমন্ত্রী বগা প্রান্তের মঞ্চে না উঠে সেখান থেকে ফিরে যান। পরে তিনি দুমকী প্রান্তে নির্মিত অপর মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সভায় অংশ নেন।

বাউফল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ বলেন, মন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চ তৈরির আগে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ ছাড়া মঞ্চে তারেক রহমানের ছবি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মন্ত্রী আসার পর বিএনপি ও জামায়াতের কিছু নেতা-কর্মীর কারণে তিনি মঞ্চে ওঠেননি। সেখানে দুই পক্ষই মিছিল করেছে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি