হোম > রাজনীতি

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাক্ষাৎকার কার্যক্রমের সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাৎকারের প্রথম দিনে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিএনপি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে। পরদিন আগামীকাল শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথম দিনে রংপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার শেষে রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

সাক্ষাৎকার শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে—এমন প্রার্থীদেরই মূল্যায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, দলের স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে। ছবি: বিএনপির ফেসবুক পেজ

রিজভী বলেন, ‘ভয়াবহ দুঃসময় পেরিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, নিঃসন্দেহে খারাপ সময় পার করেছি। অনেকে হয়রানির শিকার হয়েছেন, পৈশাচিক কষ্ট পেয়েছেন। যাঁদের সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে, তাঁদের মূল্যায়ন করা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত নেওয়া হয়েছে।

৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি