হোম > রাজনীতি

বিএনপি মূল সংস্কারগুলো মানছে না: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিএনপি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো মানছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি মূল সংস্কারগুলোই মানছে না। তারা তাদের মনের মতো করে, তাদের ইশতেহার অনুযায়ী হয়তো সংস্কার করতে চান। যদি তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করা হয়, তাহলে ঐকমত্য কমিশন, এত আলাপ আলোচনা সবকিছুই ব্যর্থ।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে ইফতার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। আমরা পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরও স্পষ্টভাবে জানতে চাইব যে, গণভোট বা গণ রায় নিয়ে তাদের অবস্থান কী। তাদের চূড়ান্ত অবস্থান জানার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব।’

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি তো গণভোটের পুরো বিষয়টাকেই এখন মানছে না। গণভোটের আদেশ নিয়ে সরকার দলের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে। তার মানে গণভোট যেই চারটা প্রশ্নের ওপরে হয়েছে, সেখানে মূল সংস্কারগুলো আছে। উচ্চকক্ষের কথা আছে, বিচার বিভাগ স্বাধীনের কথা আছে, ডেপুটি স্পিকারের কথা আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের কথা আছে—এগুলো গুরুত্বপূর্ণ সংস্কার ছিল এবং এগুলো মীমাংসিত ছিল। একটা ঐকমত্যও ছিল। সেই সময় অনেক দ্বিমত ছিল অনেকের। আমাদেরও অনেকগুলো দ্বিমত ছিল। কিন্তু আমরা সকল দ্বিমতকে মেনে নিয়ে এই গণভোটে অংশগ্রহণ করেছি।’

নব্বইয়ের গণ-অভ্যুত্থানের উদাহরণ দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পরও বিএনপির এ রকম আচরণ দেখেছি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে ত্রিদলীয় জোটের রূপরেখা বিএনপি সরকারে এসে মানল না। এর ফলশ্রুতিতে সংসদীয় রাজনীতিতেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি বেশি দিন টেকেনি। বাংলাদেশ একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। ফলে বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে–এটা বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।’

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি শুরু হয়ে গেছে বলে অভিযোগ তোলেন। পাশাপাশি ইমাম ও পুরোহিতদের ভাতা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘কাঠামোগতভাবে মৌলিক পরিবর্তন আনেন। এসব লোভ দেখানো স্ট্যান্ড বাজি, এই তারেক রহমানের কেরামতি বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগে চলত শেখ হাসিনার কেরামতি। এখন আল্লামা তারেক রহমানের কেরামতি। এসব ভুজুংভাজুং কেরামতি বন্ধ করেন। মৌলিক পরিবর্তন বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে।’ এ সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে এবং সদস্যসচিব সরদার আমিরুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রমুখ।

মনিরা শারমিন বলেন, ‘দেশে একটি নতুন সরকার গঠন হয়েছে যেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সারাক্ষণ সংবিধানের ব্যাখ্যা দিতে থাকেন। আইনমন্ত্রী বললেন, এনসিপির নেতারা সংবিধান আংশিক বুঝেছেন। আসলে দেশটা কি প্রধানমন্ত্রী চালাচ্ছেন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী চালাচ্ছেন বোঝার উপায় নেই।’

সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, ‘পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা

সব ভাতাভোগীকে একই ছাতার নিচে আনা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সিঙ্গাপুর রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

মির্জা আব্বাসকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে রওনা হবে দুপুর ১২টায়

২৫০ বাসের রুট পারমিট চাওয়া ছাত্র কাউন্সিল নেতাকে বহিষ্কার

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত আমির

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: সিপিবি