হোম > রাজনীতি

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

সিলেট প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আমরা পিছপা হবো না।’

আজ রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে ১১ দলীয় ঐক্যের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন চলবে। গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব। ভালো নির্বাচন হলেই ভালো শাসক হওয়ার প্রমাণ নেই। রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায়কে বাতিল করেছে।

‘১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। তাই জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা ফলাফল মেনে নিয়েছিলাম।’

সীমান্তে অব্যাহত উত্তেজনা চলছে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। আমরা দুই-দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কী? জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বে আমরা কোনো আপস করব না।’

নির্বাচনের ফলাফলে কারসাজির অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, ‘আমরা সাড়ে ১৭ বছর একটা কঠিন অবস্থা অতিক্রম করেছি। সাড়ে ১৭ বছর পর এবার একটা অর্থবহ নির্বাচন জাতি আশা করেছিল। আমার ব্যক্তিগত মত, নির্বাচন সুন্দর হয়েছে, কিন্তু ফলাফল সুন্দর হয়নি। ফলাফলে অনেক কিছু করা হয়েছে। যেটা এখন অনেকে স্বীকার করছেন। আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। আর যেসব দেশে একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে, তারা আর এর থেকে বের হতে পারেনি।’

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তাঁর বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন। কিন্তু তিনি দুবাইয়ের কারাগারে থাকবেন নাকি তাঁকে দেশে আনা হবে, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।’

সংসদে নিজেদের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে বিরোধী দল চরমপন্থা ও গরমপন্থা অবলম্বন করবে না, মধ্যমপন্থা অবলম্বন করবে। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাতে চাই না।’ তিনি বলেন, ‘আজকেও সংসদে একজন দাঁড়ালেন, আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য করলেন।’ সরকারি দল ইতিমধ্যে স্পষ্টভাবে জাতির সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে দাবি করে জামায়াত আমির বলেন, জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। এ ব্যাপারে সংসদে সমাধান না হলে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ অনেকে।

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি

আমরা মাঠে গিয়ে ‘মব’ করতে পারব না: নাসীরুদ্দীন পাটওয়ারী