হোম > রাজনীতি

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। এ কারণে বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে।’

আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষমাণ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারও কারও ভূমিকা দেশে আপনার এবং আমার বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানলে থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীদের কেউ কেউ যে উপায়ে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কি না—সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘৫ আগস্টের পরাজিত পলাতক শক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সে অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এ কারণেই বিএনপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতা এবং সহযোগিতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে।’

হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতায় নিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্লোগানে স্লোগানে বলেন, ‘হিন্দু-মুসলমান ভাই-ভাই ধানের শীষে ভোট চাই, হিন্দু-মুসলমান-বৌদ্ধ ভাই-ভাই ধানের শীষে ভোট চাই।’

হিন্দুসহ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনেক দাবিদাওয়া আছে। বিএনপি এসব দাবির পক্ষে। তবে দাবি পূরণে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। এ লক্ষ্যে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। সেই নিশ্চয়তাই তারেক রহমান দেবেন।’

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ