হোম > জাতীয়

দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ির তথ্য চায় দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দিলীপ কুমার আগারওয়াল ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের তদন্তে ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার ব্যাংক হিসাব, বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর শেয়ার মালিকানা এবং নিবন্ধিত মোটরযানের তথ্য সংগ্রহ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে দেশের একাধিক ব্যাংক, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়োজনীয় নথি তলব করা হয়েছে।

দুদক সূত্র বলেছে, সংস্থাটির সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন সম্প্রতি একাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে এসব তথ্য চেয়েছেন। চিঠিতে দিলীপ কুমার আগরওয়ালার নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি, হিসাব খোলার আবেদনপত্র, জমা স্লিপ, চেক ও পে-অর্ডার এবং হিসাব খোলার তারিখ থেকে বর্তমান পর্যন্ত হালনাগাদ হিসাব বিবরণী সরবরাহ করতে বলা হয়েছে।

দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। মামলায় অভিযোগ করা হয়েছে, অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখা এবং দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন করতে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।

তদন্তের স্বার্থে এনআরবি ব্যাংকের মিরপুর শাখার একটি হিসাব, ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখার তিনটি হিসাব এবং ঢাকা ব্যাংকের গুলশান শাখার একাধিক হিসাবের নথি তলব করা হয়েছে। একই সঙ্গে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের করপোরেট শাখার তিনটি হিসাব এবং ডাচ-বাংলা ব্যাংকের গুলশান এভিনিউ, শান্তিনগর ও গুলশান শাখায় থাকা একাধিক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

শুধু ব্যাংক হিসাব নয়, দিলীপ আগরওয়ালার নামে বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা শেয়ার সংক্রান্ত তথ্যও সংগ্রহ করছে দুদক। এ জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধকের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন, সার্টিফিকেট অব ইনকরপোরেশন এবং হালনাগাদ শেয়ার হস্তান্তর বা গ্রহণ সংক্রান্ত নথি চাওয়া হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, ডায়মন্ড বিডি লিমিটেড, মালাবার ডায়মন্ড লিমিটেড, ডায়মন্ড ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেড, এলাইয়েন্স ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, তারা দেবী শিপিং অ্যান্ড সি ট্রেড লিমিটেড, ডায়মন্ড সল্যুশন ওপিসি লিমিটেড, ব্ল্যাক স্টোন বাংলাদেশ লিমিটেড এবং মডার্ন গ্যাস বাংলাদেশ লিমিটেড।

এদিকে দিলীপ আগরওয়ালার নামে নিবন্ধিত মোটরযানের তথ্যও চেয়েছে দুদক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে পাঠানো চিঠিতে চারটি গাড়ির রেজিস্ট্রেশন ও মালিকানার তথ্য, ব্লু বুক, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদের সত্যায়িত অনুলিপি সরবরাহ করতে বলা হয়েছে। একই সঙ্গে তার নামে অন্য কোনো মোটরযান নিবন্ধন বা ক্রয়বিক্রয়ের তথ্য থাকলে তা জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব নথি কমিশনের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় পাঠাতে হবে। প্রয়োজনে মূল রেকর্ডপত্র জব্দ করে তা সংশ্লিষ্ট কর্মকর্তার জিম্মায় রাখা হতে পারে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে ৮ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাঁর ও তাঁর স্ত্রী সবিতা আগরওয়ালার বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে গত বছরের নভেম্বরে তাঁদের আয়কর নথি জব্দের নির্দেশ দেন আদালত।

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্ত্রীসহ লে. কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর সিভিল এভিয়েশনের সেমিনারে

কঙ্কাল বিক্রি চক্রের চার সদস্য কারাগারে

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম ব্যাপারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা