আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের ঈদযাত্রা শুরু হয়েছে আজ শুক্রবার সকাল থেকে। ৩ মার্চ যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁরাই আজ যাত্রা করছেন ট্রেনে। কমলাপুর থেকে সকাল ৯টা পর্যন্ত বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে রংপুরগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে ৯টা ৪০। একই সঙ্গে টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আজ সাপ্তাহিক ছুটির দিনে কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায়, প্রথম দিনের ঈদযাত্রা শুরু হলেও যাত্রীদের সেই অর্থে তেমন চাপ নেই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ শুরুর দিনে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না স্টেশনে। স্টেশনে ঢোকার আগমুহূর্তে এবং প্ল্যাটফর্মে ঢোকার আগমুহূর্তে দুই স্তরে টিকিট চেকিং করা হচ্ছে। একই সঙ্গে স্টেশনের যাত্রীদের ঢোকার মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বুথ করা হয়েছে শৃঙ্খলা বজায় রাখার জন্য।
এদিকে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে দেখা যায়, যাত্রীরা বসে আছেন বিভিন্ন ট্রেনের জন্য, অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য। তবে এখনো তেমন ভিড় শুরু হয়নি যাত্রীদের। ধারণা করা হচ্ছে ১৬, ১৭ ও ১৮ মার্চ ভিড় আরও বাড়তে পারে যাত্রীদের।
এখন যাঁরা ঢাকা ছাড়ছেন, বেশির ভাগই চাকরিজীবী ব্যক্তিরা তাঁদের পরিবার-আত্মীয়স্বজনকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। এমনই একজনের সঙ্গে কথা হয়, নাম মোহাম্মদ ফিরোজ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। ফিরোজ আজকের পত্রিকা বলেন, ‘ঈদে আমি ছুটি পাব না, তাই পরিবারকে আগেই পাঠিয়ে দিচ্ছি গ্রামের বাড়ি নওগাঁয়। তবে টিকিট পেতে কোনো সমস্যা হয়নি, অনলাইনে চেষ্টা করে পেয়েছি। এ ছাড়া স্টেশনে কোনো ধরনের ভোগান্তি বা ঝামেলা হয়নি।’
এদিকে আজ সকাল ৯টা পর্যন্ত ১০টা ট্রেন বিভিন্ন গন্তব্যে নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের কোচের নাম্বার না দেওয়ার অভিযোগ করেছেন কিছু যাত্রী। সরেজমিনে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি কোচের নাম্বার দেওয়া নেই। ফলে যাত্রীরা তাঁদের টিকিটের সঙ্গে মিলিয়ে কোচে উঠতে ভোগান্তিতে পড়েছিলেন।
লালমনি এক্সপ্রেসের যাত্রী শামিমা নাসরিন বলেন, ‘টিকিট অনুযায়ী আমার বগি (কোচ) দেওয়া ছিল “ঞ”। কিন্তু ট্রেনের গায়ে এ ধরনের কোনো নাম্বার সাঁটানো নেই। ফলে বগি খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। তবে আগে-পরে বগির নাম্বার ধরে বগি মিলিয়ে উঠেছি। এ বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ সমাধান দেয়নি। ঈদযাত্রার শুরুর দিনে এ ধরনের ভোগান্তি কাম্য নয়।’
প্রথম দিনের ঈদযাত্রার বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘আজ ঢাকা থেকে ৪৩ জোড়া আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। সকাল থেকে বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে গেছে। এবার দুই স্তরের টিকিট চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।’