হোম > জাতীয়

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: সংসদে এলজিআরডি মন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।’

সরকার দলীয় এমপি মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতিমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি অ্যালাম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পরিশোধন করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর তা নেটওয়ার্কে সরবরাহ করা হয়। ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০-৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করে থাকে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ির বর্জ্য বর্তমানে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রমকে চুক্তিভিত্তিক ও আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ছোট আকারের কাভার্ড ভ্যানের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার ভার্সন ২ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন সিস্টেমে অনলাইন পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা রাখা হবে। জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা সহজীকরণ ও জনভোগান্তি দূরীকরণের লক্ষ্যে সারা দেশের নিবন্ধক ও নিবন্ধন সহকারীগণের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তরুণদের সচেতন করতে প্রতিটি জেলায় কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে সীমান্তবর্তী জেলাগুলোতে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।

বেনজীরকে ফেরাতে এনসিবিতে নথি পাঠাল দুদক

২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী

১০ জেলায় হচ্ছে রেল যোগাযোগ, নতুন প্রকল্পে জোর

সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানোতে আপত্তি জামায়াত এমপির

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি: ডা. জাহেদ উর রহমান

সাংবাদিকদের অধিকার রক্ষার্থে সব সময় পাশে থাকব: ফখরুল

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইসপোর্টের

দিল্লি বিমানবন্দরে ‘হেনস্তা’: ঘটনার বর্ণনায় যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান