হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জলদস্যুদের মতো আমরা ইরানি জাহাজ জব্দ করেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 

ফ্লোরিডায় এক জনসমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইপিএ

হরমুজ প্রণালিতে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করার ঘটনা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী ওই জলসীমায় অনেকটা ‘জলদস্যুর’ মতো কাজ করছে। শনিবার (২ মে) ফ্লোরিডায় এক জনসমাবেশে তিনি মার্কিন বাহিনীর এই অভিযানের প্রশংসা করে একে একটি ‘লাভজনক ব্যবসা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

জনসভায় ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা তাদের জাহাজের ওপরে ঝাঁপিয়ে পড়ি এবং সেটির নিয়ন্ত্রণ নিয়ে নিই। আমরা কার্গো এবং তেল জব্দ করেছি। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।’ উল্লসিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছি। তবে এটা কোনো খেলা নয়।’

এদিকে মার্কিন বাহিনীর হাতে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার জব্দ হওয়ার পর তেহরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। গত মঙ্গলবার ইরান যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডকে ‘সমুদ্রে সশস্ত্র ডাকাতি’ বলে অভিহিত করে এবং ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই অভিযান কার্যত জলদস্যুতাকে বৈধতা দিয়েছে। তিনি এটিকে ‘সমুদ্রে জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতির প্রত্যক্ষ আইনি স্বীকৃতি’ হিসেবে বর্ণনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাঘাই লেখেন, বিশ্ব এখন ‘জলদস্যুদের ফিরে আসা’ প্রত্যক্ষ করছে। তিনি অভিযোগ করেন, মার্কিন কর্তৃপক্ষ বেআইনিভাবে জাহাজ জব্দ করার এই কাজকে আইনি মোড়কে ঢাকার চেষ্টা করছে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে নিজস্ব জাহাজ ছাড়া অন্য সব দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এর বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে আলাদা করে অবরোধ আরোপ করেছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার পর্যন্ত তারা চলমান অবরোধের অংশ হিসেবে ৪৫টি জাহাজকে অন্য পথে সরিয়ে দিয়েছে।

পেন্টাগনপ্রধান পিট হেগসেথ এপ্রিল মাসে সাংবাদিকদের বলেছিলেন, এই অবরোধ ‘যত দিন প্রয়োজন’ তত দিন বজায় থাকবে। এ বিষয়ে মার্কিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, এই অবরোধ ইরানি বন্দরে আসা কিংবা সেখান থেকে ছেড়ে যাওয়া যেকোনো জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য।

এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। তেহরান জানিয়েছে, ওয়াশিংটন যত দিন তাদের বন্দরগুলোতে অবরোধ বজায় রাখবে, তত দিন তারাও হরমুজ প্রণালিতে তাদের শক্ত নিয়ন্ত্রণ বা ‘চোকহোল্ড’ বজায় রাখবে।

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস