হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিদেশি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকতে বলল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আজকের পত্রিকা ডেস্ক­

যৌথভাবে শিক্ষার্থীদের এই পরামর্শ দেয় হার্ভার্ড ইন্টারন্যাশনাল অফিস ও হার্ভার্ড ল স্কুলের ইমিগ্রেশন সাপোর্ট গ্রুপ। ছবি: টুইউ

বিদেশি শিক্ষার্থীদের জন্য সতর্কতা জারি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নিয়ে সাবধানতা অবলম্বনের পাশাপাশি, বিশেষ কিছু জাতীয়তার শিক্ষার্থীদের বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এক সভায় যৌথভাবে শিক্ষার্থীদের এই পরামর্শ দেয় হার্ভার্ড ইন্টারন্যাশনাল অফিস ও হার্ভার্ড ল স্কুলের ইমিগ্রেশন সাপোর্ট গ্রুপ। সভাটি হয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি প্রাথমিক স্থগিতাদেশ জয়ের পর।

সভায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করতে পারে এবং মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে ভেতরে থাকা বিষয়বস্তুর ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পারেন।

তবে কী ধরনের পোস্ট ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে বিবেচিত হয় বা এই মূল্যায়ন মানব পর্যবেক্ষক না কি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা হয়, তা স্পষ্ট করেননি হার্ভার্ডের প্রতিনিধিরা। শিক্ষার্থীরা জানান, যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য, প্রো-প্যালেস্টাইন, ইহুদিবিরোধী বা বিতর্কিত পোস্ট থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। আগের কোনো আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা, এমনকি ছোটখাটো অপরাধ থাকলেও তা নিয়ে জিজ্ঞাসাবাদের আশঙ্কা রয়েছে।

তাঁরা সতর্ক করে বলেন, ডিভাইস একেবারে ফাঁকা করে ফেলাও সন্দেহের জন্ম দিতে পারে।

সভায় অংশ নেন হার্ভার্ডের ইমিগ্রেশন সার্ভিসেসের পরিচালক মোরিন মার্টিন এবং হার্ভার্ড ল স্কুলের ইমিগ্রেশন ও রিফিউজি ক্লিনিকের স্টাফ অ্যাটর্নি জেসন কোরাল। হার্ভার্ড ইন্টারন্যাশনাল অফিসের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিশেষ করে ইরানি ও চীনা শিক্ষার্থীদের, যাঁরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্সে পড়ছেন, তাঁদের জন্য বেশি সতর্কতার পরামর্শ দেওয়া হয়।

জেসন কোরাল জানান, ইরানি শিক্ষার্থীরা বোস্টনের লোগান বিমানবন্দরে বেশি জেরার মুখোমুখি হচ্ছেন। তাই তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পরামর্শ দেন। অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও লস অ্যাঞ্জেলেস, শিকাগো ওহারে বিমানবন্দর অপেক্ষাকৃত নিরাপদ হতে পারে বলে অনেকে মনে করছেন।

এদিকে, হার্ভার্ডের রুশ বংশোদ্ভূত গবেষক ক্সেনিয়া পেত্রোভা ফেব্রুয়ারিতে ফ্রান্স থেকে ফেরার পথে লোগান বিমানবন্দরে আটক হন। তাঁর বিরুদ্ধে ব্যাঙের ভ্রূণ যুক্তরাষ্ট্রে পাচার চেষ্টার অভিযোগ আনা হয়। চার মাস জেলে থাকার পর জুনে তিনি জামিনে মুক্তি পান, তবে একই মাসে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ গঠন করা হয়েছে।

লোগান বিমানবন্দর তদারকির দায়িত্বে থাকা ম্যাসাচুসেটস পোর্ট অথোরিটি এ বিষয়ে মন্তব্য না করে হার্ভার্ডের দিকেই পাঠিয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে উচ্চশিক্ষা সংস্কারের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধের চেষ্টার পাশাপাশি, বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দকৃত ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের গবেষণা অনুদান বাতিল করেছে এবং এর করমুক্ত মর্যাদা বাতিলের হুমকি দিয়েছে। প্রথমে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হলেও পরবর্তীকালে তা রাজনৈতিক পক্ষপাতিত্ব ও নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় বৈচিত্র্যনীতির বিরুদ্ধেও প্রসারিত হয়েছে।

তবে হার্ভার্ডের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে বেশি লক্ষ্যবস্তু হচ্ছে কি না, তা স্পষ্ট নয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে হার্ভার্ড সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে গিয়েছিল এবং আদালত সাময়িকভাবে ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত কার্যকর হতে দেয়নি। তবে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞার স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন।

তথ্যসূত্র: ব্লুমবার্গ নিউজ

আরও খবর পড়ুন:

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস