হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আর্সেনালের জার্সির আদলে পাঞ্জাবিতে ঈদের নামাজ, আলোচনায় মেয়র জোহরান মামদানি

আজকের পত্রিকা ডেস্ক­

প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের থিমযুক্ত পাঞ্জাবি পরে ঈদের জামাতে হাজির হয়েছিলেন মেয়র জোহরান মামদানি। ছবি: ফেসবুক

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তাঁর প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের থিমযুক্ত পোশাক পরে ঈদুল আজহার নামাজ পড়েছেন। গতকাল বুধবার ব্রঙ্কসে আয়োজিত ঈদের জামাতে তিনি আর্সেনালের এবারের মৌসুমের ‘অ্যাওয়ে কিট’-এর চিরচেনা রঙে তৈরি একটি ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে যোগ দেন।

৩৪ বছর বয়সী মামদানি এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। ফুটবল ও সংস্কৃতির এই ব্যতিক্রমী মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোহরান মামদানি বলেন, ‘আজ যখন আমরা হজরত ইব্রাহিম (আ.)-এর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তখন ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় যে, ত্যাগ কোনো বোঝা নয়, এটি নিজেকে আরও বৃহত্তর কিছুর অংশ হিসেবে দেখার একটি সুযোগ। আমাদের উচিত তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।’

মামদানি আরও যোগ করেন, ‘নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং সংহতির মাধ্যমে এই শহরকে নেতৃত্ব দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যেক নিউইয়র্কবাসী যাতে খাবার, আবাসন ও শিশুযত্নের মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে সক্ষম হন, তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।’

প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের থিমযুক্ত পাঞ্জাবি পরে ঈদের জামাতে হাজির হয়েছিলেন মেয়র জোহরান মামদানি। ছবি: ফেসবুক

ব্রঙ্কসের এই ঈদ জামাতে মেয়রের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ (এওসি)। ৩৬ বছর বয়সী এই প্রভাবশালী মার্কিন কংগ্রেস প্রতিনিধি খ্রিষ্টধর্মাবলম্বী হলেও মুসলিমদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিন মাথায় ঐতিহ্যবাহী স্কার্ফ বা হিজাব পরে অনুষ্ঠানে অংশ নেন।

জোহরান মামদানির আর্সেনাল সমর্থক হয়ে ওঠার পেছনে রয়েছে তাঁর পারিবারিক ও আফ্রিকান শিকড়ের সংযোগ। গত সপ্তাহে আর্সেনাল দীর্ঘ ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে।

২০২৫ সালে এক সাক্ষাৎকারে মামদানি তাঁর এই ফুটবল অনুরাগের কথা তুলে ধরেছিলেন। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানির পূর্বপুরুষেরা ছিলেন পূর্ব আফ্রিকার বাসিন্দা। শৈশবে চাচার হাত ধরে আর্সেনালের প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়।

ঈদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রভাবশালী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ। ছবি: ফেসবুক

জোহরান বলেন, আর্সেনাল ছিল প্রথম সারির দলগুলোর একটি, যারা লরেন, কোলো তোরে, নোয়াঙ্কো কানুর মতো বেশ কয়েকজন আফ্রিকান তারকা ফুটবলারকে দলে নিয়েছিল। পরে ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার পুরো ইংলিশ ফুটবলের চেহারাটাই বদলে দিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, একজন প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে জোহরান মামদানি তাঁর আফ্রিকান ঐতিহ্য, ক্রীড়াপ্রেম ও ধর্মীয় পরিচয়কে যেভাবে নিউইয়র্কের বহুমাত্রিক সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিয়েছেন, তা আধুনিক মার্কিন রাজনীতিতে একটি অনন্য দৃষ্টান্ত।

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস