ইরানকে তাদের আঞ্চলিক নীতি ও প্রতিবেশী দেশগুলোর ওপর ‘হামলা’ দ্রুত বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ইরান ও তার মিত্রদের এই ধরনের ‘উসকানিমূলক আচরণের’ প্রতি রিয়াদ বেশি সহনশীলতা ধরে রাখতে পারবে না।
প্রিন্স ফয়সাল বলেন, ‘আমাদের ধৈর্য সীমাহীন নয়, সক্ষমতাও আছে।’ তিনি তেহরানকে দ্রুত তাদের বর্তমান কৌশল ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তা দেন। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত মিত্রদেশগুলোর হাতে বিশাল সামরিক ও কৌশলগত সক্ষমতা রয়েছে এবং প্রয়োজন পড়লে তারা ব্যবহার করতে দ্বিধা করবে না বলে জানিয়েছে সৌদি আরব। প্রিন্স ফয়সাল তেহরানের উদ্দেশে বলেন, ‘আমি আশা করি তারা প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করবে।’
সৌদি আরবের দাবি, তাদের ওপর ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ‘নিখুঁত লক্ষ্যভেদ’ প্রমাণ করে যে এগুলো অত্যন্ত পরিকল্পিত এবং সুসংগঠিতভাবে করা হয়েছে।
তবে শুরু থেকেই হামলার বিষয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইরান।