হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইউরোপীয়-আরব কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি

আজকের পত্রিকা ডেস্ক­

পশ্চিম তীরে ইসরায়েলি হামলার শিকার হয়েছেন ইউরোপীয়, আরব ও এশিয়ার একদল কূটনীতিক। ছবি: এএফপি

ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশিয়ার কূটনীতিকদের একটি প্রতিনিধি দল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বেশ কয়েকটি দেশ এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ওই কূটনীতিকরা জেনিনে একটি দাপ্তরিক সফরে গিয়েছিলেন। সেখানে ৪ মাস ধরে চলা ইসরায়েলি সামরিক হামলা এবং এর ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি ও বাস্তুচ্যুতি সরেজমিনে দেখতেই তাঁদের এই সফর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিনিধি দলটি তাদের পূর্ব-নির্ধারিত পথ থেকে সরে গিয়ে অননুমোদিত এলাকায় প্রবেশ করায়, তাদের সরিয়ে দিতে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল। এতে কেউ হতাহত হননি।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কমান্ডার ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিনিধি দলের সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তারা ‘শিগগিরই কূটনীতিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন এবং প্রাথমিক তদন্তের ফলাফল সম্পর্কে তাঁদের অবহিত করবেন।’

আল-জাজিরার হামদা সালহুত জর্ডানের আম্মান থেকে জানিয়েছেন (কারণ আল-জাজিরাকে পশ্চিম তীর ও ইসরায়েলে নিষিদ্ধ করা হয়েছে), এই ঘটনা সেখানকার বাস্তব পরিস্থিতি তুলে ধরে। এতে বোঝা যায়, অধিকৃত পশ্চিম তীরের যেকোনো ব্যক্তি ইসরায়েলি হামলার শিকার হতে পারে। তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডের এই জায়গাগুলো সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে। জেনিন, তুলকারেম এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের আশপাশে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রতিনিধি দলের সদস্যরা যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁদের কাছাকাছি গুলির শব্দ শোনা যায় এবং তাঁরা দ্রুত আশ্রয় নিতে বাধ্য হন। আল-জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সির যাচাইকৃত ফুটেজে দুজন ইসরায়েলি সেনাকেও কাছাকাছি দাঁড়িয়ে কূটনীতিকদের দিকে রাইফেল তাক করে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাহায্যকর্মী অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, প্রায় ২০ জন কূটনীতিককে সেসময় জেনিনের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোথা থেকে গুলি চালানো হয়েছিল তা স্পষ্ট ছিল না এবং কেউ আহত হননি। ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় ‘ইসরায়েলি দখলদার বাহিনীর এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে, যা ইচ্ছাকৃতভাবে একটি স্বীকৃত কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে।’

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

জীবিত আছেন আহমেদিনেজাদ, দাবি উপদেষ্টার

কুয়েতে বহু মূল্যবান মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

‘যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরান

যুদ্ধ গড়াল তৃতীয় দিনে, একনজরে সর্বশেষ

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন