ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান বিমান হামলা বন্ধের দাবিতে লন্ডনের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। আজ শনিবার স্থানীয় সময় বিকেলে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বিক্ষোভকারীরা আজ বিকেলে লন্ডনের মিলব্যাঙ্ক থেকে ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাসের অভিমুখে যাত্রা শুরু করেন। মিছিল চলাকালে তাঁদের কণ্ঠে ছিল যুদ্ধবিরোধী স্লোগান। ‘আমরাই জনতা, আমাদের স্তব্ধ করা যাবে না’, ‘এখনই বোমা হামলা বন্ধ করো, এখনই, এখনই’—এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে লন্ডনের রাজপথ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল পাঁচ থেকে ছয় হাজার।
মিছিলের আগে বিক্ষোভকারীরা সেন্ট্রাল লন্ডনের মিলব্যাঙ্ক এলাকায় জড়ো হন। এর আগে ওয়েস্টমিনস্টারের পাশে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনসংলগ্ন রাস্তায় বিভিন্ন দাতব্য সংস্থা ও অ্যাকশন গ্রুপ বেশ কিছু তাঁবু স্থাপন করে। সেখান থেকেই মূলত বিক্ষোভের সূচনা হয় এবং পরে তা মিছিলে রূপ নেয়।