হোম > বিশ্ব > চীন

রেস্তোরাঁর স্যুপে দুই কিশোরের মূত্রত্যাগ, বাবা-মাকে প্রায় ৪০০ কোটি টাকা জরিমানা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

চীনের সাংহাইয়ের একটি আদালত দুই কিশোরের অভিভাবকদের ২২ লাখ ইউয়ান (৩৭৬ কোটি ৪৩ লাখেরও বেশি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ, ওই দুই কিশোর মাতাল অবস্থায় ‘হাইদিলাও’ নামে জনপ্রিয় একটি রেস্তোরাঁয় এক অশোভন কাণ্ড ঘটিয়ে রেস্তোরাঁটির সুনাম ক্ষুণ্ন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ঘটনাটি ঘটে গত ২৪ ফেব্রুয়ারি রেস্তোরাঁটির সাংহাই শাখার একটি প্রাইভেট কক্ষে। সেখানে ১৭ বছরের দুই কিশোর মদ্যপ অবস্থায় টেবিলের ওপর উঠে স্যুপের পাত্রে প্রস্রাব করে এবং সেই ভিডিও ধারণ করে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরে কেউ ওই দূষিত স্যুপ খেয়েছেন—এমন প্রমাণ পাওয়া না গেলেও ওই রেস্তোরাঁটি নিজেদের সুনাম রক্ষায় প্রায় ৪ হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেয়। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগও করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। পরে সিচুয়ানের জিয়ানইয়াংসহ বিভিন্ন স্থানে তদন্ত চালিয়ে দুই কিশোরকে আটক করা হয়। গত মার্চে ‘হাইদিলাও’ রেস্তোরাঁ তাদের নামে আদালতে মামলা করে প্রকাশ্যে ক্ষমা এবং প্রায় ২ কোটি ৩০ লাখ ইউয়ান ক্ষতিপূরণ দাবি করে।

এ মামলার রায়ে সম্প্রতি সাংহাইয়ের হুয়াংপু জেলা আদালত জানিয়েছেন, কিশোরেরা ইচ্ছাকৃতভাবে রেস্তোরাঁর সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের কর্মকাণ্ড অপমানজনক ও সুনাম হানিকর। এতে শুধু টেবিলওয়্যার দূষিত হয়নি, বরং জনসাধারণের মধ্যে তীব্র বিরক্তি ও অসন্তোষ ছড়িয়েছে। আদালতের মতে, অভিভাবকেরা অভিভাবকের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি।

রায়ে কিশোরদের অভিভাবকদের ২০ লাখ ইউয়ান ব্যবসা ও সুনামহানির ক্ষতিপূরণ, ১ লাখ ৩০ হাজার ইউয়ান টেবিলওয়্যার নষ্ট ও পরিষ্কারের খরচ এবং ৭০ হাজার ইউয়ান আইনি খরচ মেটাতে বলা হয়েছে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন—কিশোর ও তাদের অভিভাবক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবে, তবে এ ক্ষেত্রে অভিযুক্ত কিশোরদের ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা করতে হবে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে সিচুয়ানে ছোট আকারে শুরু হওয়া হাইদিলাও আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় হটপট চেইন। ২০২৩ সালের জুন পর্যন্ত শুধু চীনেই রেস্তোরাঁটির ১ হাজার ৩৬০টিরও বেশি শাখা চালু হয়েছে। আর বিশ্বজুড়ে এর শাখা প্রায় ১ হাজার ৪০০টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডাসহ ১৪টি দেশে প্রতিষ্ঠানটির ১২২টি শাখা রয়েছে।

এ রায়কে অনেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে দেখছেন, যাতে সামাজিক দায়িত্ব ও শিষ্টাচার শেখানোর ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা স্পষ্ট হয়।

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন