হোম > বিশ্ব > এশিয়া

ব্যাংককে ট্রেন-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৮

আজকের পত্রিকা ডেস্ক­

আজ দুপুরের দিকে ব্যাংককের একটি ব্যস্ত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ছবি: এএফপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার দুপুরের দিকে ব্যাংককের একটি ব্যস্ততম রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ব্যাংকক পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, দুপুরের দিকে শহরের ব্যস্ত রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পরপরই বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

ব্যাংকক পুলিশের প্রধান উরুমপর্ন কুনদেজসুমরিত এএফপিকে বলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৫ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং ভেতর থেকে মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল ঘিরে ফেলেন। তদন্ত কর্মকর্তাদের পুড়ে যাওয়া বাসের ভেতর তল্লাশি চালাতে দেখা গেছে। পথচারীদের ওই ব্যস্ততম মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলের কাছেই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকা এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম থাই পিবিএসকে বলেন, ‘হঠাৎ বিকট শব্দ আর আগুন দেখে আমি আঁতকে উঠি। ভেতরে মানুষ কীভাবে পুড়ছিল, সেই দৃশ্য দেখার সাহস আমার ছিল না।’

এই মর্মান্তিক দুর্ঘটনার পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাঁর কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

থাইল্যান্ডে সড়ক ও রেল দুর্ঘটনা সাধারণ বিষয়। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী সড়কের তালিকায় নিয়মিতই থাইল্যান্ডের নাম ওপরের দিকে থাকে। অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগের কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়লে ৩২ জন নিহত হন। ২০২০ সালেও একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে ১৮ জন প্রাণ হারিয়েছিলেন। এর তিন বছর পর রেলক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যানের আট যাত্রী নিহত হন।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া