হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সেনাপ্রধান হলেন নারী

আজকের পত্রিকা ডেস্ক­

লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল আগামী জুলাই মাসে সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল। আজ সোমবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ নেতৃত্বে রদবদলের অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে জয়েন্ট ক্যাপাবিলিটিজ প্রধানের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল আগামী জুলাই মাসে সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। তিনি বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

৫৫ বছর বয়সী সুসান কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডের দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, ‘আগামী জুলাই থেকে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি।’

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস সুসান কয়েলের এই নিয়োগকে একটি ‘গভীর ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। মার্লেস জানান, তিনি অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর যেকোনো শাখার নেতৃত্বে আসা প্রথম নারী।

তিনি বলেন, ‘সুসান আমাকে বলেছেন, আপনি যা দেখতে পান না, তা আপনি হতেও পারেন না।’

রিচার্ড মার্লেস আরও বলেন, ‘সুসানের এই অর্জন বর্তমানে অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত নারী এবং ভবিষ্যতে যাঁরা যোগ দেওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।’

অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে নারী কর্মকর্তার সংখ্যা বাড়ানোর প্রচেষ্টার মধ্যেই সুসান কয়েলের নিয়োগ হলো।

উল্লেখ্য, দেশটির প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও বৈষম্যের অভিযোগের মুখোমুখি।

বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে (এডিএফ) নারীর অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং জ্যেষ্ঠ নেতৃত্বের পর্যায়ে রয়েছেন ১৮.৫ শতাংশ নারী। ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা বাহিনীতে নারীদের সামগ্রিক অংশগ্রহণ ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এডিএফ।

গত বছরের অক্টোবরে এডিএফ-এর বিরুদ্ধে একটি যৌথ মামলা (ক্লাস অ্যাকশন ল’সুট) করা হয়। যেখানে অভিযোগ করা হয়, হাজারো নারী কর্মকর্তাকে ধারাবাহিক যৌন নিপীড়ন, হয়রানি ও বৈষম্য থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই বাহিনী।

সরকার সোমবার আরও জানিয়েছে, বর্তমানে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক হ্যামন্ডকে এডিএফের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অ্যাডমিরাল ডেভিড জনস্টনের স্থলাভিষিক্ত হবেন।

অন্যদিকে, নৌবাহিনীর বর্তমান উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ম্যাথিউ বাকলি হ্যামন্ডের পরিবর্তে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া